‘মুরগিটাই বেশি খাওয়া পড়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তাজুড়ে প্যাচপেচে কাদা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। নবোদয় বাজারে ব্রয়লারের দোকানে বেশ ভিড়। একজন এসেছেন কোনো উৎসব উপলক্ষে অনেক মুরগি কিনবেন বলে। দুটো কাঠের গুঁড়ির একটি ব্যবহার হচ্ছে তাঁর জন্য। এ মুহূর্তে ব্রয়লার নয়, লেয়ারের মাংস কাটা চলছে। লেয়ারের মাংস ছোট ছোট করে কেটে রাখা হচ্ছে এক জায়গায়। বাকিদের সুবিধার জন্য রয়েছে অন্য গুঁড়িটি। দুজন কর্মচারীর হাতের ছুরি উঠছে আর নামছে। ওজন মাপার পাল্লার পাশে বসে রয়েছেন যিনি, তাঁর বয়স খুব বেশি নয়। তাঁর কণ্ঠস্বরে এক ধরনের দাপট আছে, তাতে বোঝা যায় এই বয়সেই দোকানের মালিক তিনি। নিপুণ হাতে সামলাচ্ছেন পুরো দোকান।কত দিন ধরে এখানে কাজ করছেন—এই প্রশ্ন দিয়েই শুরু হয় কথাবার্তা।‘সাত বছর কাজ করি।’দোকান আপনার?‘হ্যাঁ। পেছনেই বাসা। দুই রুম আর দোকান। ১০ হাজার টাকা ভাড়া দিই।’নাম কী?‘মো. রঞ্জু মিয়া।’সাত বছর ধরে মুরগির ব্যবসাই করছেন?‘হ্যাঁ। ব্রয়লার আর লেয়ার।’লাভটাভ হয় কেমন?‘ভালো। মোটামুটি ভালো।’বিয়ে করেছেন?‘জি, বিয়া করছি। একটা বাচ্চা আছে।’কী করে ও?‘লেখাপড়া করে। নাম রঞ্জিতা। সাত বচ্ছর। স্কুলে দিছি। রেইনবো মডেল স্কুল।’কতক্ষণ কাজ করেন এখানে?‘এইখানে সারা দিনই থাকি। দুপুরে ভাত খাইতে বাড়ি যাই।’ভাত কি মুরগি দিয়া খান?প্রশ্নটায় কৌতুক অনুভব করেন রঞ্জু মিয়া। বলেন, ‘মুরগি দিয়াও খাই, অন্য কিছু দিয়াও খাই। আমরা মুরগি বিক্রি করি তো, তাই মুরগিটাই একটু বেশি খাওয়া পড়ে।’দেশের বাড়ি কই?‘কিশোরগঞ্জ।’পড়াশোনা কতদূর করেছেন?‘সিক্স-সেভেন পর্যন্ত।’কেন আর পড়লেন না?‘পড়লাম না, কারণ আমার এক বড় ভাই আছে, সে আমারে ঢাকায় নিয়া আসল। ব্যবসায় লাইগ্যা গেলাম।’এমনি সিনেমা-টিনেমা দেখতে যান?‘না না, সিনামা দেখি না। বাসায় টেলিভিশন দেখি।’টেলিভিশনে কী দেখেন?‘নাটক-টাটক দেহি।’কার অভিনয় ভালো লাগে?কিছুক্ষণ কারও নাম মনে করার চেষ্টা করলেন। কিন্তু কোনো নাম মনে এল না তাঁর। বললেন, ‘আসলে টেলিভিশন দেহি কম। নাম-টাম জানি না।’সাত দিনই দোকানে বসেন?‘হ্যাঁ, সাত দিনই বসি। দুপুরে বাড়িতে গিয়া একটু রেস্ট নিই। বিকালে একটু হাঁটা-হুটা করি।’ভাবিরে নিয়া যান না কোথাও বেড়াইতে?‘যাই, মাঝে মাঝে।’কত দিন পর পর?‘দুই-চাইর মাস পর পর।’কোথায় যান?‘এই জিয়া উদ্যান যাই।’দুই-চাইর মাস পর জিয়া উদ্যান!‘বাচ্চারে নিয়া যাই আর কি! ঈদে কিশোরগঞ্জে যাই।’বাবা-মা আছেন?‘হ্যাঁ আছেন, তাঁদের আমি দেইখ্যা রাখি।’জীবন নিয়ে আপনি সুখী?‘জীবন? কাম করতে করতে কিছু টাকা জমাইছি। বছিলায় একটা জমি রাখছি। বাড়ি করুম। আল্লায় আমারে কম দেয় নাই। আমি সুখী।’এ সময় বাড়ির ভেতর থেকে তাঁর স্ত্রী আসেন রঞ্জিতাকে কোলে নিয়ে। ছোট্ট মেয়েটাকে দেখে বাবার চোখ-মুখ উদ্ভাসিত হয়ে ওঠে। একটি চমৎকার সুখী পরিবার দেখে আমাদের মনও তৃপ্ত হয়। বৃষ্টি বাড়তে থাকে। বর্ষা যেন নামল শরতে।