‘মূল্যবোধের অবক্ষয় ও নৈতিক বিপর্যয়ের যেন সুনামি চলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বাকলিয়া এলাকায় পোশাককারখানার জন্য মো. আবুল কাশেম ঘর ভাড়া দেন জনৈক মো. ইউসুফের কাছে। একপর্যায়ে ঘর ভাড়া ও অন্যান্য খরচ বাবদ অনেক টাকা বকেয়া জমে যায়। তাই ইউসুফের বিরুদ্ধে আদালতে মামলা করেন কাশেম। আদালত সম্প্রতি মামলাটি নিষ্পত্তি করেন। রায়ের চুম্বক অংশ তুলে ধরা হলো ‘‘মেনে নেওয়া কষ্টকর হলেও এটাই বাস্তবতা যে আইনের ফাঁক দিয়ে অভিযুক্ত ব্যক্তি পার পেয়ে যাচ্ছেন। ভুল জায়গায় মামলা করলে দীর্ঘ আইনিপ্রক্রিয়া শেষ হওয়ার পরও প্রত্যাশিত প্রতিকার পাওয়ার সম্ভাবনা থাকে খুব কম। অনেক দেওয়ানি বিষয়ে ফৌজদারি আদালতে মামলা করা হয় দ্রুত ফলাফলের আশায়। এসব ক্ষেত্রে ফরিয়াদি আশা করেন, জেল-হাজতের ভয়ে অভিযুক্ত ব্যক্তি ক্ষতি পুষিয়ে দেবে কিংবা বিরোধপূর্ণ বিষয়ে সন্তোষজনক আপস করবে। এতে কোনো কোনো সময় ফরিয়াদির প্রত্যাশা পূরণ হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে ফরিয়াদিকে উল্টো মামলা পরিচালনায় দীর্ঘসূত্রতার কারণে আর্থিক খরচের মধ্যে পড়তে হয়।ঘরের মালিক-ভাড়াটে বিরোধ, অংশীদারি ব্যবসা নিয়ে বিরোধ ও ব্যবসায়িক লেনদেন প্রভৃতি বিষয়ে দায়ের করা মামলায় বিশেষ কোনো ইস্যুতে আইনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ হয়। এতে কোনো কোনো সময় অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলেও ফরিয়াদির রাগ কিংবা ক্ষোভ উপশম ব্যতীত অন্য কোনো প্রাপ্তি থাকে না। সরাসরি বলতে গেলে ফরিয়াদি কোনো আর্থিক ক্ষতিপূরণ পান না। কারণ, প্রচলিত ফৌজদারি বিচারব্যবস্থায় ফরিয়াদিকে ক্ষতিপূরণ দেওয়ার প্রত্যক্ষ কোনো সুযোগ নেই।একটা ব্যাপার খুবই দুঃখজনক হলেও সত্য যে, আজকাল মানুষ মানুষের আস্থার মর্যাদা রাখছে না। মানুষ ধীরে ধীরে তার নির্ভরতার স্থান হারিয়ে ফেলছে। এগুলোর জন্য হয়তো মানুষ নিজেরাই দায়ী, কিংবা প্রতিটি সভ্যতার হয়তো এটাই অনিবার্য নিয়তি। ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার এক অসহনীয় অনৈতিক চর্চা যেন সবকিছুতে ছড়িয়ে পড়ছে। এটা প্রত্যাশিত ছিল যে, ইউসুফ ভাড়া প্রদানকারী কাশেমের প্রাপ্য ভাড়া এবং বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদিসংক্রান্ত বিল যথাসময়ে নিয়মিতভাবে পরিশোধ করবেন। কাশেমের এ স্বাভাবিক প্রাপ্যটুকু আদায়ের জন্য মামলাই বা করতে হবে কেন? ইউসুফের উচিত ছিল তাঁর কাছে প্রাপ্য বুঝিয়ে দেওয়া। অক্ষম বা অসমর্থ হলে আপস-মীমাংসার একটা দিক সব সময় খোলা থাকে। আসামি সে ব্যাপারেও চেষ্টা করেছেন বলে মনে হয় না। অপরের অধিকারের ব্যাপারে মানুষ দিন দিন কেমন জানি নিশ্চিন্ত নির্বিকার হয়ে যাচ্ছে। মূল্যবোধের অবক্ষয় এবং নৈতিক বিপর্যয়ের যেন সুনামি চলছে। কবি খালেদা এদিব চৌধুরীর কবিতায় সেই হাহাকার যেন ফুটে উঠেছে। তাঁর কথায় বলতে হয়, ‘কাউকে বলা যায় না সুন্দর/ কাউকে বলা যায় না গোলাপ/ মানুষের জীবনে সুন্দরের বড় অভাব/ তুমি কাকে দেবে প্রেম/ কাকে দেবে ভালোবাসা/ নষ্ট হাওয়া বইছে তুফানে।’ ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কাশেম এবং সাক্ষী জসিম উদ্দিনের বক্তব্যে আসামির প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায় সুস্পষ্ট নয়। অতএব, আসামির ২০০৫ সালের ১ জানুয়ারি প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ১০ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ অপ্রমাণিত থেকে যায়। আর হুমকির বিষয়ে কাশেম জবানবন্দিতে কোনো কিছু না বলায় সেই সংক্রান্ত অভিযোগও অপ্রমাণিত থেকে যায়। অতএব, আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না এবং আসামি শাস্তি পাওয়ার হকদার নয়। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হলো।’’ আদালতে কাশেমের বক্তব্য: ‘আমি মো. ইউসুফের জন্য মামলা করেছি। মাসিক ৫০ হাজার টাকায় আসামিকে পোশাকশিল্পের জন্য ঘর ভাড়া দিয়েছিলাম। ইউসুফের কাছ থেকে বকেয়া ভাড়া বাবদ পাওনা সাড়ে চার লাখ টাকা। যার মধ্যে ঘরের মেঝে (ফ্লোর) বাবদ পাই দুই লাখ ২৫ হাজার টাকা। বিদ্যুৎ বিল বাবদ ৯১ হাজার টাকা। টেলিফোন বিল বাবদ পাই ২০ হাজার টাকা। শ্রমিকদের বেতন বাবদ চার লাখ ৫০ হাজার টাকা পাই। সব মিলিয়ে ১২ লাখ ৩৬ টাকা তাঁর কাছ থেকে পাই। তিনি আমাকে দেড় লাখ টাকা দেন। আমি এখনো ১০ লাখ ৮৬ হাজার টাকা পাই। তিনি আমাকে ওরিয়েন্টাল ব্যাংকের ৭৬ হাজার টাকার একটি চেক দেন। ওই চেকে টাকা তোলা যায়নি। আমি তাঁর সঙ্গে অনেক যোগাযোগ করেছি। তিনি বারবার আশ্বাস দিয়েও টাকা দিচ্ছেন না। সর্বশেষ ২০০৫ সালের ১ জানুয়ারি বিকেলে তাঁর সঙ্গে যোগাযোগ করলে আমাকে টাকা দেওয়ার কথা অস্বীকার করেন। অধিকন্তু আমাকে হুমকি দেন। বাধ্য হয়ে আমি মামলা করি।’