‘মৃত মেয়েটির শেষমুহূর্তের আকুতি হয়তো বিচারের প্রার্থনা রেখে গেছে’
নয় বছর বয়সী অজ্ঞাত এক কন্যাশিশু খুনের ঘটনায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেননি আদালত। গত সোমবার এ বিষয়ে শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, গত বছরের ১৮ নভেম্বর বিকেলে বাকলিয়া থানাধীন নতুন সেতুর কাছে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। মেয়েটির হাত-পা বাঁধা এবং শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল। মেয়েটিকে হত্যার পর বস্তায় ভরে পানিতে ফেলে দেন ঘাতকেরা। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়। পরে তদন্তে নিহত মেয়েটির পরিচয় উদ্ঘাটন ও হত্যাকারীদের শনাক্ত করতে ব্যর্থ হয় বাকলিয়া থানা পুলিশ। তাই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আদালত সূত্র জানায়, মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান অধিকতর তদন্তের আদেশ দিয়ে বলেন, ‘মৃত মেয়েটির শেষমুহূর্তের আকুতি হয়তো বিচারের প্রার্থনা রেখে গেছে। এ পৃথিবীর নিষ্ঠুর-নির্মম রূপ দেখার পরও আইন-আদালত তা কোনোভাবেই পাশ কাটিয়ে যেতে পারে না। যেকোনো অন্যায়ের প্রতিকার করা আদালতের লক্ষ্য।’আদালত সূত্র জানায়, পুলিশ এ হত্যাকাণ্ডের কূলকিনারা করতে না পেরে গত ২৭ ফেব্রুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। গত সোমবার শুনানির পর আদালত তা গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।