'মেঘ বলেছে যাব যাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসিতে গুরু পরম্পরা আয়োজিত রবীন্দ্রসংগীতের আসরে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা l ছবি: সংগৃহীত
টিআইসিতে গুরু পরম্পরা আয়োজিত রবীন্দ্রসংগীতের আসরে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা l ছবি: সংগৃহীত

সংগীতচর্চাকেন্দ্র গুরু পরম্পরার উদ্যোগে ৩ মার্চ সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে (টিআইসি) বসেছিল রবীন্দ্র সংগীতের আসর। অনুষ্ঠানের শিরোনাম ‘মেঘ বলেছে যাব যাব’। রবীন্দ্রনাথের পূজা, প্রকৃতি, প্রেম, স্বদেশ পর্বের গান দিয়ে সাজানো হয়েছিল আসর।
আসরে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী রূপা দত্ত, শুভাগত চৌধুরী, বহ্নিশিখা রক্ষিত ও সুমিত্রা বিশ্বাস। তাঁদের পরিবেশিত ২২টি গানের ফাঁকে ছিল কথামালাও। কথামালা অনুষ্ঠানে অতিথি ছিলেন ওস্তাদ মিহির লালা, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক সাখাওয়াত হোসেন, কাউন্সিলর শৈবাল দাশ ও সুজিত দাশ।
আসরে শুরুতে সমবেত কণ্ঠে শিল্পীরা পরিবেশন করেন পূজা পর্বের গান ‘প্রথম আদি তব শক্তি/ আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে’। স্বদেশ পর্বের গান ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ পরিবেশন করেন রূপা দত্ত। চেনা এই গানের সঙ্গে গলা মিলিয়ে গাইলেন দর্শকেরাও। এরপর বহ্নিশিখা রক্ষিত গাইলেন ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে’। এই গানের সুরের রেশ শেষ না হতেই সুমিত্রা বিশ্বাস পরিবেশন করেন ‘হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে’। তাঁর পরিবেশনার পর শিল্পী শুভাগত চৌধুরী গাইলেন ‘তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার’।
এরপর শিল্পীরা পরিবেশন করেন বেশ কয়েকটি একক ও দ্বৈত গান। শিল্পীরা একে একে গাইলেন ‘বিপুল তরঙ্গ রে’, ‘কোথা হতে বাজে প্রেমবেদনা রে’, ‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে’, ‘প্রভু তোমা লাগি আঁখি জাগে’, ‘প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তর লজ্জা’, ‘সেই ভালো সেই ভালো, আমারে না হয় না জানো’, ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না’, ‘মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই’, ‘সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে’, ‘সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে’, ‘তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা’, ‘তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা’, ‘যদি প্রেম দিলে না প্রাণে’ ও ‘স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমার দ্বারে হায়’।
সমবেত কণ্ঠে আসরের শেষ পরিবেশনা ছিল ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’। তাঁদের সঙ্গে কণ্ঠ মেলান মিলনায়তন ভর্তি দর্শকও।