‘মেঠো পথের গান’ তথ্যচিত্রের প্রদর্শনী
হঠাৎ সব আলো নিভে গেল, পর্দায় ভেসে উঠল একটি মুখ। তাঁর পাশে একজন গ্রামীণ বধূ, কণ্ঠে তাঁর গান—‘তুঁই যাইবা সোনাদিয়া বন্ধু মাছ মারিবাল্লাই/ তোঁয়ারে ছারা হাইল্লা ঘরত কেনে থাইক্কুম আঁই...।’ কর্ণফুলীর তীরে ঘরের লক্ষ্মীর আহাজারি শেষ না হতেই স্বামী গেয়ে উঠলেন—‘হয়েকখান দিন ধৈর্য ধর হইন্যা মনরে বোঝাই/ শাড়ি-চুড়ি হানর বালি আইন্যম তোঁয়ারলাই...।’গানটি চট্টগ্রামের মানুষের কণ্ঠে মিশে আছে। সত্তরের দশকে দ্বৈতকণ্ঠে এ গান গেয়েছিলেন গফুর হালী ও কল্যাণী ঘোষ। পরে শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের কণ্ঠে অসম্ভব জনপ্রিয় হয় গানটি। চিরসবুজ এ গানের স্রষ্টা আব্দুল গফুর হালীকে নিয়ে নির্মিত তথ্যচিত্র মেঠো পথের গান-এর প্রিমিয়ার শো হয়ে গেল ৭ আগস্ট। আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। অতিথি ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফী, স্বাধীন বাংলা বেতারের অন্যতম উদ্যোক্তা বেলাল মোহাম্মদ ও স্থপতি বিধান বড়ুয়া। এতে অনুভূতি জানান গফুর হালী। তিনি বলেন, ‘আমাকে নিয়ে প্রামাণ্যচিত্র হয়েছে বলে আমি খুশি। কারণ আমার কাজ সম্পর্কে নতুন প্রজন্ম জানলে তারা নতুন সৃষ্টিতে উৎসাহ পাবে।’আবুল মোমেন বলেন, ‘আব্দুল গফুর হালীর মূল্যায়ন আমরা করতে পারিনি, কিন্তু জার্মানির শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয় হাইডেলবার্গ করেছে। সেখানকার একজন অধ্যাপক হালীর জীবন ও গান নিয়ে গবেষণা করেছেন, গ্রন্থ রচনা করেছেন। সে গ্রন্থে গফুর হালীর ৭৬টি গান অন্তর্ভুক্ত হয়েছে। এটা আমাদের জন্য গর্বের।’ তিনি তথ্যচিত্রের নির্মাতা শৈবাল চৌধুরীর উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এই শৈবাল একদিন বৃক্ষ হবে।’মেঠো পথের গান-এ আব্দুল গফুর হালীর শিল্পীজীবনের বিভিন্ন দিক উঠে এসেছে। ৩৯ মিনিট দৈর্ঘ্যের এ ছবির দৃশ্যায়ন হয়েছে শিল্পীর জন্মগ্রাম পটিয়ার রশিদাবাদ, মাইজভান্ডার দরবার শরিফ ও নগরের কাট্টলীসহ বিভিন্ন স্থানে। গফুর হালীকে নিয়ে প্রামাণ্যচিত্র তৈরির কারণ জানতে চাইলে পরিচালক শৈবাল চৌধুরী জানান, ‘আব্দুল গফুর হালী চট্টগ্রামের আঞ্চলিক গানের একমাত্র জীবন্ত কিংবদন্তি হলেও চট্টগ্রামের বাইরের মানুষ তাঁর সম্পর্কে তেমন জানেন না। তিনি অবহেলিত। অনেকে মরণোত্তর সম্মাননা পান। কিন্তু গফুর হালী তাঁকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র দেখে যেতে পেরেছেন বলে আমি খুব খুশি।’চিকিৎসক নন্দিতা বড়ুয়া বলেন, ‘গফুর হালীর কাজ সম্পর্কে অনেক কিছুই জানতাম না। তথ্যচিত্রটি গফুর হালীর ব্যক্তি ও শিল্পীজীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। তাঁর জীবন ও সৃষ্টি সম্পর্কে জানতে পেরে আমি খুব খুশি।’