
গোমড়ামুখো ছবি তুলতে হবে। নইলে মিলবে না পাসপোর্ট। কিন্তু এ নিয়ম অপছন্দ ফ্রান্সের এক ভদ্রলোকের। নিজের হাসিমুখের ছবিই তিনি দিতে চান পাসপোর্টে, অনেকটা মোনালিসার মতো।
ভদ্রলোক পেশায় সরকারি চাকরিজীবী। ফরাসি সংবাদমাধ্যম তাঁর নাম লিখেছে ‘থিয়েরি’। পাসপোর্টে হাসিমুখ-ছবির ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি আদালত পর্যন্ত গেছেন। থিয়েরির যুক্তি, এ রকম নিয়ম চালু থাকলে লোকে বিষণ্ন হয়ে পড়তে পারে।
হাসির জন্য সুপরিচিত লেওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’। সে রকম ‘বিচক্ষণ হাসি’ দিয়েই ছবি তুলে পাসপোর্টের আবেদন করেছিলেন থিয়েরি। কিন্তু কর্তৃপক্ষ সেটা প্রত্যাখ্যান করে বলল, এমন ছবি চলবে না। কারণ, এতে মুখমণ্ডল কিছুটা বিকৃত দেখায়।
লো পারিসিয়াঁ পত্রিকা লিখেছে, সরকারের ওপর বেজায় চটেছেন ৪০ বছর বয়সী থিয়েরি। রাষ্ট্র নিজের ক্ষমতার অপব্যবহার করছে—এমন অভিযোগও তুলেছেন তিনি। বার্তা সংস্থা এএফপির কাছে একটি চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন, বিষণ্নতায় আক্রান্ত একটা দেশে কর্তৃপক্ষ যদি জনগণের হাসির বিরুদ্ধে অভিযোগ করে, সেটা কি কোনো দায়িত্বশীলতার পরিচয়?
ফ্রান্সের পাসপোর্ট আইন বলছে, আবেদনকারী ব্যক্তির ছবিতে অবশ্যই নিরপেক্ষ অভিব্যক্তি থাকতে হবে। হাসি চলবে না।
থিয়েরির আইনজীবী রোমাঁ বুলে দাবি করেন, হাসির ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে আদালত আগে একটি আদেশ দিয়েছিলেন। সেটি হলো এ নিষেধাজ্ঞার কোনো আইনি ভিত্তি নেই। আইন শুধু বলছে, ব্যক্তিকে অবশ্যই ক্যামেরার দিকে তাকাতে হবে। মুখ বন্ধ রেখে নিরপেক্ষ অভিব্যক্তি বজায় রাখতে হবে। হাসা যাবে না—এমন কোনো নিয়ম নেই।
আদালতে যুক্তি উপস্থাপনের সময় বুলে উদাহরণ দিয়েছেন মোনালিসার হাসির। যেখানে মুখ বন্ধ রেখেই রহস্যময় অর্ধেক-হাসির প্রকাশ ঘটেছে। মোনালিসা কি আসলেই হাসছেন—এই প্রশ্নের উত্তর ৫০০ বছরের বেশি সময় ধরে মানুষ খুঁজে চলেছে।
বুলে আরও বলেন, পাসপোর্টে হাসিমুখ-ছবি ব্যবহারের অনুমতি দিলে ফরাসিরা আরও বেশি বন্ধুসুলভ মুখমণ্ডল ধরে রাখতে পারবে।