‘মোবাইল নম্বর না দেওয়ায় কেড়ে নেন ভ্যানিটি ব্যাগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‌্যাগিংয়ের (শারীরিক ও মানসিক নির্যাতন) পর এবার শুরু হয়েছে ইভটিজিং। ফলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আতঙ্ক আরও বেড়েছে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, খাবারের ক্যানটিন, গোলচত্বর, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্যাংক, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে র‌্যাগিং ও ইভটিজিংয়ের শিকার হচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে প্রথম বর্ষের এক ছাত্রী প্রথম আলোকে বলেন, ‘আমি আজ (গতকাল মঙ্গলবার) ব্যাংকে যাওয়ার সময় ক্যানটিনের রাস্তার পাশে এক সিনিয়র ভাইয়া আমার পথরোধ করে আমার নাম-পরিচয় জানতে চান। নাম বলার পর চান মোবাইল নম্বর। আমি মোবাইল নম্বর দিতে অস্বীকৃতি জানালে তিনি আমার ভ্যানিটি ব্যাগ হাত থেকে কেড়ে নেন এবং ব্যাগ তল্লাশি করে মোবাইল সেট পাওয়ার পর আমাকে অশ্লীল ভাষায় ধমকানো শুরু করেন। তিনি বলেন চুয়েটে পড়তে হলে বড় ভাইদের কথা শুনতে হবে, না শুনলে সমস্যা হবে। ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না।’ শুধু ওই ছাত্রী নয়, আরও অনেকে জ্যেষ্ঠ ব্যাচের ছাত্রদের ইভ টিজিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘যেসব শিক্ষার্থী এ ধরনের অনৈতিক ও শৃঙ্খলাবহির্ভূত কাজ করছে, তাদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। শিগগির তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, ৭ মে চুয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস (ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয় এবং ওই দিন তাঁদের হলে আসন বরাদ্দ দেওয়া হয়। আসন বরাদ্দ পাওয়ার পরপরই শিক্ষার্থীদের ওপর শুরু হয় র‌্যাগিং ও ইভ টিজিং। ইতিমধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওপর র‌্যাগিং করার সময় হাতেনাতে ধরা পড়া দ্বিতীয় বর্ষের ২৬ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ।