'ময়ূর মাকড়সার' জীবন-মৃত্যুর নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছোট্ট একরত্তি প্রাণী। বৈচিত্র্যময় তার গায়ের রং। নাম পিকক স্পাইডার বা ‘ময়ূর মাকড়সা’। তবে সঙ্গিনীর মন জয় করার জন্য পুরুষ পিকক স্পাইডারের সৌন্দর্যই যথেষ্ট নয়, রীতিমতো কসরত করে নাচতে হয় তাকে। আর সেই নৃত্য সন্তোষজনক না হলে প্রাণটাই দিতে হয় তাকে। কারণ, সঙ্গিনী মাকড়সাটি তখন খেয়ে ফেলে পুরুষ মাকড়সাকে।
তিন মিলিমিটার লম্বা ওই অদ্ভুত মাকড়সার সাতটি নতুন প্রজাতির খোঁজ পেয়েছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। সিডনির প্রাণিবিদ জার্গেন ওটো ও তাঁর সহকর্মী ডেভিড নোলেস গত নভেম্বরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঞ্চলে ওই ছোট্ট মাকড়সার সর্বশেষ দুটি প্রজাতি শনাক্ত করেন। সব কটি প্রজাতির নাম পেকহ্যামিয়া সাময়িকীতে গত মাসে প্রকাশিত হয়েছে।
ওটো গত সোমবার রয়টার্সকে বলেন, এই পিকক স্পাইডার খুবই বর্ণময় প্রাণী। তারা বিশেষ উপায়ে সঙ্গিনীকে খুশি করার চেষ্টা করে। সঙ্গিনীর মন যদি না ভরে, তবে সে পুরুষ মাকড়সাকে গ্রাস করে।
এখন পর্যন্ত পিকক স্পাইডারের ৪৮টি প্রজাতির খোঁজ মিলেছে। এদের বেশির ভাগের আবাস অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে। এই প্রাণীর দৈর্ঘ্য তিন থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর অল্পবয়সী পিকক স্পাইডার মাত্র আধা মিলিমিটার লম্বা হয়।
মাকড়সা-গবেষক ওটো বলেন, নাচুনে মাকড়সাগুলো মানুষের জন্য মোটেও ক্ষতিকর নয়। এরা সুন্দর, বহুবর্ণিল এবং আকর্ষণীয়। যাঁরা মাকড়সা অপছন্দ করেন, তাঁরা পিকক স্পাইডার দেখলে নিশ্চয়ই মুগ্ধ হবেন।