মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু এলাকায় বসবাসরত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে নির্যাতন করছে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা। এতে তারা আতঙ্কিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশে বাধ্য হচ্ছে বলে জানা গেছে। অনুপ্রবেশের সময় নাসাকা সদস্যরা বলেন, ‘যত খুশি চলে যাও, কিন্তু ফেরত আসা যাবে না।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক দিনে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও পুলিশ প্রায় ২০০ রোহিঙ্গাকে আটক করে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। কয়েকজন রোহিঙ্গা পুনরায় বাংলাদেশ সীমান্তে এসে জানায়, ১৬ জুন সন্ধ্যা থেকে নাসাকা ও সেনাসদস্যরা ঘরে ঘরে গিয়ে রোহিঙ্গা যুবকদের ব্যারাকে ধরে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি জাতিগত দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে তাদের ওপর চালানো হচ্ছে নানা রকম নির্যাতন। এতে আতঙ্কিত হয়ে বিশেষ করে রোহিঙ্গা পুরুষেরা নাফ নদী পেরিয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করছে। টেকনাফে আটক রোহিঙ্গা ও মংডুর বাসিন্দা আবদুল কাদের জানান, লোকজন সহজে পারাপার করতে না পারার জন্য মিয়ানমারের নাক্ষংদিয়া থেকে মংডু শহর হয়ে ঘুমধুম-বলীবাজার পর্যন্ত প্রায় ১১০ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে মিয়ানমার সরকার গত বছর কাঁটাতারের বেড়া তৈরি করেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাসাকারা বলে, ‘যত খুশি চলে যাও, কিন্তু ফিরে আসা যাবে না।’ টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া বলেন, ‘এখন আরাকানের পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু ওই দেশের সেনা ও নাসাকা সদস্যরা জিজ্ঞাসাবাদের নামে রোহিঙ্গা যুবকদের ধরে নিয়ে নির্যাতন শুরু করায় আবার আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে তারা রোহিঙ্গাদের এ দেশে অনুপ্রবেশে বাধ্য করছে। এ ব্যাপারে সরকারের তৎপর হওয়া জরুরি।’বিজিবি সূত্র জানায়, অনুপ্রবেশ ঠেকাতে ১৭ বিজিবি ব্যাটালিয়ন নাইক্ষ্যংছড়ির তুমব্রু, ঘুমধুম, আমতলী, দোছড়ি, রেজুখাল, বেতবুনিয়াসহ একাধিক সীমান্ত এলাকায় বিশেষ চৌকি বসিয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, ‘মিয়ানমারের মংডুতে দাঙ্গায় জড়িত সন্দেহে রোহিঙ্গা যুবকদের ব্যারাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে আমরা অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি।’ নির্যাতনের ভয়ে রোহিঙ্গারা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। এভাবে অনুপ্রবেশের সময় কিছু রোহিঙ্গা ধরাও পড়ছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।মো. খালেকুজ্জামান জানান, টহল জোরদারের কারণে নাইক্ষ্যংছড়ি ও উখিয়া উপজেলার প্রায় ৪০ কিলোমিটার সীমান্ত দিয়ে গত ১০ দিনে কোনো রোহিঙ্গা ঢুকতে পারেনি। তবে নাফ নদী অতিক্রম করে টেকনাফে কিছু রোহিঙ্গা ঢোকার চেষ্টা চালাচ্ছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘মিয়ানমারে দাঙ্গার সময় পাহাড়-জঙ্গলে আত্মগোপনকারী রোহিঙ্গারা এখন বাংলাদেশে পাড়ি জমাচ্ছে বলে খবর পাচ্ছি। কিন্তু কোনো অবস্থায়ই তাদের বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না।’