‘যদি অন্তত লাশটা পেতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা বিএনপির নেতা ও উপজেলার লেলাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এস এম শহীদুল আলম ওরফে সিরাজ (৪৮) তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর স্ত্রী সোলতানা পারভিন জানান, ১ মার্চ সকাল সাড়ে ১২টায় তাঁর স্বামী নগরের আল ফালাহ হাউসিং সোসাইটির বাসা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে বের হন। ৬ মার্চ রাত ১১টা পর্যন্ত তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ছিল। এরপর থেকে মুঠোফোনটি বন্ধ রয়েছে। গত মঙ্গলবার মুঠোফোনে তিনি প্রথম আলোকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সব জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কোনো খোঁজ মেলেনি। কেউ তাঁর স্বামীর সন্ধান দিতে পারেননি। তিনি দাবি করেন, ‘আমার স্বামী এলাকার একজন সমাজসেবক। তিনি বেঁচে আছেন, নাকি মরে গেছেন আমি জানি না। যদি অন্তত লাশটা পেতাম তবে মনকে সান্ত্বনা দিতে পারতাম।’ এস এম সহিদুল আলমের ছেলে এ এস এম আনোয়ারুল আজিম অনন পড়ে নগরের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সপ্তম শ্রেণীতে। অনন প্রথম আলোর সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়ে। বার বার বলছিল, ‘আব্বু যদি মরেও যান, অন্তত লাশটা ফেরত চাই। কবরের চিহ্নটা বুকে নিয়ে বেঁচে থাকব।’তাঁর বৃদ্ধা মা নুর নাহার বেগম (৮৫) এখন বাকরুদ্ধ প্রায়। তিনি বলেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে ছেলের এমন ভাগ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? ’ তাঁর ভাই এ এস এম ওয়াহিদুল আলম বলেন, ‘পরিবারের সবার মন ভারাক্রান্ত। আমরা আশায় বুঁক বেঁধে আছি। ভাইকে সরকার খুঁজে বের করবে। আবারও ভাই তাঁর সমাজসেবায় আত্মনিবেদন করবেন।’উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক বলেন, ‘তিনি উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে, নির্বাচনের সময় তিনি দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করেন।’ লেলাং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘তিনি ১৯৮৮-৯১ পর্যন্ত লেলাং ইউনিয়নের একজন নির্বাচিত সফল চেয়ারম্যান ছিলেন।’ তবে শহীদুল আলমের নিখোঁজের এই ব্যাপারটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব বা প্রতিহিংসার শিকার হয়েছে বলে তিনি মনে করেন না। এ ঘটনায় স্ত্রী সোলতানা পারভীন নগরের খুলশী ও পাঁচলাইশ মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।্রচট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে সব চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।