'যাঁরা প্রশ্ন ফাঁস করেন, তাঁরা অত্যন্ত দায়িত্বশীল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা

আমি এখন কলেজে পড়ছি। আগামী এপ্রিল মাস থেকে আমাদের এইচএসসি পরীক্ষা শুরু। আমার প্রস্তুতি তেমন ভালো না। ওদিকে মা-বাবা বলেছেন, গোল্ডেন জিপিএ ফাইভ না পেলে বাড়ি থেকে বের করে দেবেন। এমতাবস্থায় পড়ালেখা নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। ঠিকমতো খেতে পারি না। মন-মেজাজ সব সময় খিটখিটে থাকে। এখন আমি কী করব, ফ্রান্স...সরি, ম্যাম?

নাম প্রকাশে অনিচ্ছুক

ঢাকা, বাংলাদেশ

পরামর্শ

চিঠিটা গুছিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ। তুমি তোমার সমস্যাগুলো আমাকে ভালোভাবে বোঝাতে পেরেছ। তবে আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না যে তুমি কি চিঠিটা পৃথিবী নামক গ্রহের বাংলাদেশ থেকে লিখে পাঠিয়েছ, নাকি মঙ্গলগ্রহ থেকে? বাংলাদেশে থাকলে তো এ রকম হওয়ার কথা নয়! এপ্রিল মাস থেকে পরীক্ষা। তুমি এখনই চিন্তা শুরু করে দিয়েছ? তোমাকে তো ‘বিরল প্রতিভা’ হিসেবে জাদুঘরে সংরক্ষণ করা দরকার! যা হোক, মূল কথায় আসি। পরীক্ষা নিয়ে চিন্তার কিছুই নেই। পরীক্ষার আগের দিন উত্তরসহ প্রশ্নপত্র তোমাদের কাছে পৌঁছে যাবে। সুন্দর করে সেসব পরীক্ষার দিন খাতায় লিখে আসবে।

তবে কিছু বিষয় অবশ্যই মনে রাখবে। প্রশ্নপত্র ফাঁস হলেই কিছু গণ্যমান্য ব্যক্তি বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দেন। তুমি অবশ্যই তাঁদের গুজবে কান দেবে না। তাঁরা দায়িত্বশীল না হলেও যাঁরা প্রশ্ন ফাঁস করেন, তাঁরা অত্যন্ত দায়িত্বশীল। সময়মতো তোমাদের দোরগোড়ায় আসল প্রশ্নপত্র পৌঁছে দেবেন তাঁরা। অতীতে কখনো দায়িত্বে অবহেলা করতে দেখা যায়নি তাঁদের। ভবিষ্যতেও করবেন না।

তাই বলছি, চিন্তার কোনো কারণ নেই। তুমি বরং গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়ার পর কাকে কয় পদের মিষ্টি খাওয়াবে তা নিয়ে ভাবতে থাকো। তোমার জন্য শুভকামনা।