'যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন'

‘অন্যদের চেয়ে আলাদা হব’—ছোটবেলা থেকেই এমন চিন্তা তাঁর। নিজের পোশাকটা যেন অন্য রকম হয় সেই চেষ্টা থাকত সব সময়। নিজে ডিজাইন করে দরজিকে নানাভাবে বোঝাতেন। কখনো মনের মতো হয়েছে, কখনো কিম্ভূতকিমাকার। এলোমেলো ডিজাইনের কারণে কয়েকটি ঈদে নতুন পোশাকও পরা হয়নি। এ নিয়ে মায়ের বকুনি খেতে হয়েছে অনেক। মাঝেমধ্যে হজম করতে হয়েছে চড়-থাপ্পড়ও। কিন্তু দমার পাত্র নন তিনি। সেই অন্য রকম চিন্তা তাঁকে একসময় সবার থেকে আলাদাই করে দিল। তিনি জোবাইদা আশরাফ।
যাঁকে সবাই চেনেন সেরা রাঁধুনি হিসেবে। এবার সাফল্যের পালকে যুক্ত হলো সেরা পোশাক ডিজাইনারের খেতাবও। গত ৪ জুন নগরের হল টোয়েন্টি ফোরে অনুষ্ঠিত ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় হয়েছেন সেরাদের সেরা।
সম্প্রতি প্রথম আলো কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে। রান্নার হাঁড়ির খবর সবার জানা, কিন্তু ডিজাইনারের খোলস খুললেন এবার? একগাল হেসে বললেন, ‘যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন।’ অবশ্য জোবাইদা আশরাফ জানান, ২০০৩ সাল থেকেই ডিজাইনার হিসেবে কাজ করছেন তিনি। তাঁর রয়েছে ময়ূরাক্ষী নামের ফ্যাশন হাউস।
রন্ধনশিল্প ও ফ্যাশন ডিজাইনিং—দুটি ক্ষেত্রেই বিচরণ। কীভাবে এত দূর আসা? বললেন, ‘ছোটবেলা থেকেই জেদি ছিলাম। মাথায় যা ঢুকত তা করেই ছাড়তাম। তবে রক্ষণশীল পরিবারে জন্ম বলে প্রায়ই বাধার মুখে পড়তে হতো। সব সময় শুনতাম এক কথা “মেয়েদের এসব করতে নেই”। কিন্তু আমি কখনো এ কথা কানে তুলতাম না। এর মধ্যে নবম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে গেল। তাও যৌথ পরিবারে—চাঁদ মিয়া সওদাগর বাড়িতে। খানিকটা ঘাবড়ে গেলাম। বেশি চিন্তা ছিল পড়ালেখা নিয়ে। আদৌ পড়া হবে তো। কারণ, তখন বাড়ির মেয়েরাই পড়তে পারে না আর আমি তো বউ। কিন্তু সব চিন্তা দূর করে দিলেন আমার স্বামী মোহাম্মদ আশরাফ আলী। তিনি সহযোগিতার হাত বাড়ালেন। সারা দিনের কাজ শেষে গভীর রাতে চুপিসারে বসতাম নিজের পড়া নিয়ে। অনেকে বিদ্রূপ করেছে। মুখ বুজে সহ্য করেছি। এভাবে পড়া চালিয়ে শেষ করেছি স্নাতকোত্তর। এর ফাঁকেই ডিজাইনিং ও বিভিন্ন ধরনের রান্নার শেখার কাজ এগিয়ে নিয়েছি।’
দীর্ঘ সংগ্রাম। তবু কখনো পিছপা হননি। প্রেরণা উৎস কোথায়?—প্রশ্ন শুনে মুচকি হাসলেন। বললেন, ‘ওই যে অন্যদের চেয়ে আলাদা হওয়ার ইচ্ছা। এই শক্তিই আমাকে তাড়িয়ে বেড়ায়। তা ছাড়া প্রচুর বই পড়েছি। বিশেষ করে বিখ্যাত মানুষদের উঠে আসার গল্প আমাকে টানত। তাঁদের জীবনী পড়ে নিজের কষ্টকে খুবই তুচ্ছ মনে হতো, যা আমার বড় প্রেরণা।’
রন্ধনশিল্পী হিসেবে জোবাইদা আশরাফের খ্যাতি দেশজোড়া। ২০০৬ সালে স্কয়ার-চ্যানেল আই আয়োজিত সেরা রাঁধুনি প্রতিযোগিতায় হয়েছেন সেরাদের সেরা। ২০০৮ সালে প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতায় হন চ্যাম্পিয়ন। ২০০৩ সালে স্টারশিপের মজাদার খাবার তৈরি প্রতিযোগিতায় হন দ্বিতীয়। এ ছাড়া রূপচাঁদা রন্ধনশিল্পী প্রতিযোগিতায় ২০০৬ সালে চট্টগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন ও সারা দেশে সেরা পাঁচে ছিলেন। স্থানীয়ভাবেও জিতেছেন বেশ কিছু পুরস্কার। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে জোবাইদা আশরাফের লেখা বই আচার ১০০।
আর ফ্যাশন ডিজাইনার হিসেবে পুরস্কার জেতা শুরু ২০০৩ সাল থেকে। প্রথম আলো আয়োজিত ফ্যাশন প্রতিযোগিতায় নিয়মিতই তিনি অংশ নেন। প্রায়ই তিনি একটি-দুটি করে পুরস্কার জিতেছেন। এবার ছিল ভিন্ন। জোবাইদা আশরাফ বলেন, ‘অনেক দিন সময় নিয়ে এবারের কাজগুলো করেছি। ফলও পেয়েছি হাতে হাতে। ১১টি বিভাগের পুরস্কার জিতেছে আমার ডিজাইন করা পোশাক।’
কোন পরিচয়টি শুনতে বেশি ভালো লাগে রাঁধুনি নাকি ফ্যাশন ডিজাইনার? উত্তরে বললেন, ‘দুটিই সমানভাবে চালিয়ে যেতে চাই। কারণ, দুটি কাজই আমি মন লাগিয়ে করি, আনন্দ পাই।’