রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ
'যুক্তিবাদী তারুণ্য বিপথে যেতে পারে না'

সরকারি দলের প্রধানমন্ত্রী সংসদে প্রস্তাব উত্থাপন করলেন ‘এই সংসদ মনে করে, বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সিটি গভর্ন্যান্সের বিকল্প নেই’। অন্যদিকে বিরোধী দল বলল, ‘চট্টগ্রামের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কঠোর ও কার্যকর পদক্ষেপ বেশি জরুরি।’ এরপরেই শুরু হয়ে যায় সরকারি ও বিরোধী দলের তুমুল যুক্তির লড়াই। এতে সরকারি দলে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ এবং বিরোধী দলে সিলভার বেলস গার্লস হাইস্কুল অংশ নেয়।
এ চিত্র রবি–দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের। গত ২৮ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বসে যুক্তিতর্কের এই আসর। এতে বিজয়ী হয় ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ এবং রানার্সআপ হয় সিলভার বেলস গার্লস হাইস্কুল। তৃতীয় ও চতুর্থ হয় চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল ও কলকাকলি স্কুল। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয় সিলভার বেলস গার্লস হাইস্কুলের বিতার্কিক ফারদিন মুসফিরাত।
চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান। বিশেষ অতিথি ছিলেন রবির চিফ করপোরেট অ্যান্ড পিউপল অফিসার মতিউল ইসলাম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, রবির ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ ও সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান।
বক্তারা বলেন, দৃষ্টি তরুণ প্রজন্মকে যুক্তিবাদী করার চেষ্টা করছে। একজন যুক্তিবাদী তারুণ্য বিপথে যেতে পারে না। আজকের এই তরুণ প্রজন্মই আগামী দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেবে। সমৃদ্ধ আগামীর জন্য ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই যুক্তি দিয়ে চিন্তা করতে হবে।
বিতার্কিকদের উদ্দেশে তাঁরা বলেন, সুযোগ্য নেতা হতে হলে ভালোভাবে বলতে জানা ও সুচিন্তার অধিকারী হতে হবে। শুধু পাঠ্যপুস্তক পড়ে মন জাগ্রত করা যায় না। এ জন্য পারিপার্শ্বিক পরিমণ্ডল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিতর্ক এই ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, বিতর্ক সম্পাদক কাজী আরফাত প্রমুখ।
উল্লেখ্য, রাঙামাটি, কক্সবাজার ও চট্টগ্রামে দৃষ্টি চট্টগ্রাম মাসব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে সহযোগিতা দেয় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। প্রতিযোগিতায় প্রথমবারের মতো একই সঙ্গে তিনটি শহরের পাঁচটি আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরের ৩৫টিসহ রাঙামাটি ও কক্সবাজারের ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬৮ জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশ নেন।