'যুক্তিবাদীরা শিকল ভাঙার কারিগর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএসটিসি প্রকৌশল অনুষদের বিতর্ক সংগঠন এফসেট ডিবেট ক্লাব আয়োজিত আন্ত অনুষদ ডিবেট চ্যাম্পিয়নশিপের বিজয়ী ও রানার্সআপ দলের সঙ্গে অতিথিরা
ইউএসটিসি প্রকৌশল অনুষদের বিতর্ক সংগঠন এফসেট ডিবেট ক্লাব আয়োজিত আন্ত অনুষদ ডিবেট চ্যাম্পিয়নশিপের বিজয়ী ও রানার্সআপ দলের সঙ্গে অতিথিরা

যুক্তিবাদীরা হলো শিকল ভাঙার কারিগর। যুক্তির মাধ্যমে সব কঠিন সমস্যা ও বাধা মোকাবিলা করা সম্ভব।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) প্রকৌশল অনুষদের বিতর্ক সংগঠন এফসেট ডিবেট ক্লাব আয়োজিত আন্ত অনুষদ ডিবেট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ৯ সেপ্টেম্বর মেহেদীবাগের দৃষ্টি ডিবেট ট্রেনিং সেন্টারে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

‘সন্ত্রাসবাদ নয়, দুর্নীতিই বিশ্বকে অধিক অস্থিতিশীল করে তুলছে’—এই বিষয়ে সংসদীয় বিতর্কে অবতীর্ণ হয়ে সরকারি দলকে পরাজিত করে জয়ী হয় বিরোধী দল। জয়ী দল কম্পিউটার প্রকৌশল বিভাগের তার্কিকরা হলেন সজীব ঘোষ, সাদিয়া আফরিন ও জেরিন তাসনিম। রানার্সআপ দল তড়িৎ প্রকৌশল বিভাগের তার্কিকরা হলেন হাসান জাদিদ, সবুজ চক্রবর্তী ও আমজাদ রনি। শ্রেষ্ঠ বিতার্কিক হন বিজয়ী দলের জেরিন তাসনিম।

এফসেট ডিবেট ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী আরফাতের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার। বিশেষ অতিথি ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি সাইফ চৌধুরী ও সাংগঠনিক সমপাদক সাইফুদ্দিন মুন্না।

অনুষ্ঠানের প্রধান অতিথি ওমর কায়সার বলেন, সমাজের সবাইকে বোঝার আগে নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে। সে জন্য সবার আগে নিজের সঙ্গে নিজের তর্ক করতে হবে।

অংশগ্রহণকারী বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি সাইফ চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কের চর্চা যত বাড়বে, এ দেশ ও জাতি জ্ঞানে ও মননে তত বেশি সমৃদ্ধ হবে।

এফসেট ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক তেহেসিন সামিরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিবেট ক্লাবের উপদেষ্টা আহমেদ সাফায়েত হোসেন, সাবেক সভাপতি মাহফুজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।