‘যুদ্ধাপরাধীদের গাড়িতে লাল-সবুজের পতাকা আর উড়তে দেওয়া হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুদ্ধাপরাধীদের গাড়িতে লাল-সবুজের পতাকা আর উড়তে দেওয়া হবে না। সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাড়ির উঠোন খোঁড়া হলে এখনো লাশের কঙ্কাল পাওয়া যাবে। এঁদের যে বিচার শুরু হয়েছে কোনো অপশক্তি তা বানচাল করতে পারবে না। এ ব্যাপারে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।’ ফটিকছড়ি উপজেলায় নবনির্মিত ভূজপুর থানার নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে সুধী-সমাবেশে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গত ৩০ জানুয়ারি রাতে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) জেড এ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আকতার।এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ির দায়িত্বপ্রাপ্ত সাংসদ শাহেদা তারেক, উপ-মহাপুলিশ পরিদর্শক নওশের আলী, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ। বক্তব্য দেন সাবেক সাংসদ রফিকুল আনোয়ার, উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, উপজেলার সাবেক চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম ও উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ। প্রধান অতিথি আরও বলেন, ‘গোলাম আযম, নিজামী, সাকা চৌধুরী, সাঈদীর মতো রাজাকারদের বাঁচানোর জন্য বিএনপি-জামায়াত এককাট্টা হয়ে একের পর এক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’ উল্লেখ্য, উপজেলার ২০টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন নিয়ে ২০০৭ সালের ২১ জুলাই ভূজপুর থানার কার্যক্রম শুরু হয়। ৪৭৪ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত এ থানার জনসংখ্যা দুই লাখ ছয় হাজার। এত দিন ভূজপুর ইউনিয়নের জরাজীর্ণ পুরোনো ভবনে চলছিল থানার কার্যক্রম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এক একর জায়গা নিয়ে ২০০৯ সালের ৩০ মে দুই কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের উদ্যোগ নেয়।