‘যুদ্ধাপরাধীদের বিচারের যুক্তি তুলে ধরার চেষ্টা করেছি’
সম্প্রতি কামরুল হাসান বাদলের লেখা যুদ্ধাপরাধীদের বিচার কেন চাই বইটির প্রকাশনা উৎসব হয়ে গেল ডিসি হিল প্রাঙ্গণে। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী অনুপম সেন, শহীদজায়া বেগম মুশতারী শফী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী প্রমুখ। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত সবাই এই বইটিকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় একটি বই বলে অভিহিত করেছেন। বইটি নিয়ে লেখকের সঙ্গে কথা বলেছেন ওমর কায়সার বইটি কোন শ্রেণীর পাঠকদের জন্য লিখেছেন? কামরুল হাসান বাদল: শিশু-কিশোরদের জন্য, যাদের বিশাল একটি অংশ আগামী নির্বাচনে ভোটার হতে চাচ্ছে। বইটির বিষয়বস্তু সম্পর্কে কিছু বলবেন? কামরুল হাসান বাদল: বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মহান স্বাধীনতা। এর আগে বাঙালি কখনোই স্বাধীন জাতি হিসেবে ইতিহাসে স্থান করে নিতে পারেনি। যদিও বলা হয়, ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল। আপনি ইতিহাস পর্যালোচনা করলে সহজেই দেখবেন তখন নবাব স্বাধীন হলেও জনগণের কোনো স্বাধীনতা বা রাষ্ট্র পরিচালনায় অংশীদারিত্ব ছিল না। আর নবাবও বাস্তবে স্বাধীন ছিলেন না, তাঁকে দিল্লিতে মাসোয়ারা পাঠাতে হতো। যখন রাজা যেত আর রাজা আসত জনগণের ভাগ্য বা অবস্থানের কোনো পরিবর্তন হতো না। তো মূলকথায় আসি, সেই মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, ৩০ লাখ মানুষ হত্যা, তথা গণহত্যা; প্রায় চার লাখ নারীর লাঞ্ছনা ও অকাতরে অগ্নিসংযোগ, লুটতরাজ করেছিল সেসব নরপশুর বিচারের কথাই বলতে চেয়েছি। মূলত আমি একাত্তরের এসব মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য যে উদ্যোগ বা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তার সপক্ষে আমাদের নতুন প্রজন্মের সন্তানদের সামনে যুক্তি তুলে ধরবার চেষ্টা করেছি। এ বিষয়ে তাদের মধ্যে আগ্রহ জাগাতে চেষ্টা করেছি।বইটি লেখার প্রেরণা কোথা থেকে পেলেন?কামরুল হাসান বাদল: আপনার মনে আছে নিশ্চয়ই ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ তথা মহাজোট জিতেছিল যার অন্যতম একটি কারণ তাদের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি ছিল। সে নির্বাচনে একটি বিশাল অংশ ছিল নতুন ভোটার, যার সংখ্যা প্রায় দেড় কোটি। তার মানে আমাদের নতুন প্রজন্মের সন্তানেরা বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার চায়, এ ঘটনাটি আমাকে ভীষণ আবেগপ্রবণ করেছিল। আমি ভেবেছি এসব যুদ্ধাপরাধীর বিচারের উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে এরা দেশে বিভিন্ন অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে। করার মতো শক্তিও তাদের আছে। কারণ ৭৫ থেকে ৯৬ আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এ অপশক্তিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন ও প্রতিষ্ঠিত করা হয়েছে, কাজেই তারা কোনোরূপ ছাড় দেবে তা ভাবা হবে বোকামি। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, মানুষের দৈনন্দিন সমস্যাকে পুঁজি করে সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে (ইতিমধ্যেই যার আলামত স্পষ্ট হয়ে উঠছে)। এর বিরুদ্ধে জনমত তৈরি, তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি করে সরকারের বিচারের উদ্যোগকে নীতিগত ও সামাজিক রাজনৈতিকভাবে সমর্থন দিয়ে যাওয়ার সপক্ষে যুক্তি তুলে ধরতে বইটি লিখেছি। আপনি গত বছর ‘একুশের কবিতা’ নামে একটি চমৎকার সংকলন করেছিলেন, সেটি প্রকাশের পটভূমি বলবেন কি? কামরুল হাসান বাদল: একটি সময় ছিল যখন একুশে ফেব্রুয়ারির সকালে নগ্নপায়ে প্রভাতফেরির মতো অসংখ্য ছোট কাগজ ও সংকলন জড়ো হতো শহীদ মিনারের পাদদেশে। অনেক ভুল ও মুদ্রণত্রুটি নিয়েও সদ্য ছাপা সেই সব অক্ষরে লেগে থাকত ভালোবাসার নিখাদ গল্প। তরুণ সে সম্পাদকদের রাতজাগা চোখে ক্লান্তি ছাপিয়ে ভেসে থাকত বিশুদ্ধ পরিতৃপ্তি। হঠাৎ এক দিন মনে হলো এ কাজগুলো এখন আর ঘটছে না, সংকলনটির ভাবনাসূত্র এই। এবারেও কি বের করবেন?কামরুল হাসান বাদল: প্রস্তুতি নিয়েছি, আবার জোয়ার না আসা অবধি চালিয়ে যাব হয়তো প্রতি বছর। কারা লিখছেন?কামরুল হাসান বাদল: চট্টগ্রামের কবিরাই।