‘যে জীবন দোয়েলের, শালিকের...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একজন নারী। ২২ বছরের ঝকঝকে তারুণ্যে ভরা আমার জীবন। ক্যাম্পাসের সবুজ মাঠ আর আড্ডাবাজিতেই যার সব সময় মুখর থাকার কথা, সে আজ কী করছে? সকালে উঠে নাশতা বানাচ্ছে, স্বামীকে খাইয়ে অফিসে পাঠাচ্ছে, দুপুরের রান্না করছে, খাচ্ছে, তারপর একটু দিবানিন্দ্রা। স্বামী সন্ধ্যায় এলে চা-নাশতা দেওয়া, রাতের রান্না শেষ করে সবাইকে খাইয়ে দিয়ে আরও একগাদা কাজ সেরে ঘুমাতে যাওয়া। প্রতিদিনের একঘেয়ে রুটিন, মাঝের সময়টুকুতে শাশুড়ি-ননদের সঙ্গে টুকটাক গল্প। যেসব গল্পে নিজেকে খাপ খাইয়ে নিতে একেক সময় কষ্টই হয়। আমি সেলাইয়ের কাজ পারি না। পিঠাও বানাতে পারি না। রান্না শিখেছি শাশুড়ির কাছে। তাই একেবারে গুণহীন বউ আমি তাঁর চোখে। আমার গানের গলা, আবৃত্তির দক্ষতা, নৃত্যের ঝংকার—কোনো কিছুই এ সংসারের গুণের তালিকাভুক্ত হতে পারেনি। আসলেই তো! ছোটবেলা থেকে মা আমাকে কিছু শেখাননি। এসব কিছুর ভিড়ে খুঁজে পাই না সেই মেয়েকে, যে খুব কাছ থেকে জীবনকে দেখেছে। বুঝেছে জীবনের মানে শাড়িতে নয়, গয়নায় নয়, রান্নায় নয়, পরচর্চায় নয়। এই মেয়ে আর দশটি মেয়ের মতোই বড্ড সাধারণ। জোছনা রাতে, ঝুম বৃষ্টির সময় সে খুঁজে ফেরে তার হারিয়ে যাওয়া জীবনকে। যে জীবন দোয়েলের, শালিকের...।নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক