মনিরুজ্জামান বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বল কীর্তিমান পুরুষ। একাধারে কবি, গবেষক, গীতিকার, শিক্ষাবিদ, কথাসাহিত্যিক—সবকিছু ছাপিয়ে একজন সফল শিক্ষক। ভাষাতাত্ত্বিক গবেষণায় তাঁর খ্যাতি সুপ্রতিষ্ঠিত। সদাহাস্য-মানবিকবোধে ঋদ্ধ মানুষটি ৭০ বছর পূর্ণ করেছেন ১৫ ফেব্রুয়ারি। জন্মদিন উপলক্ষে অধ্যাপক মনিরুজ্জামান সংবর্ধনা পরিষদ, চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে আয়োজন করে ‘যে মানুষ ছুঁয়ে যায় বোধের লাবণ্যে’ শীর্ষক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অধ্যক্ষ নীলুফার জহুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ও আলোচকেরা বক্তৃতায় মনিরুজ্জামানের জ্ঞানচর্চা ও শিক্ষাবিস্তারে অসামান্য কীর্তির কথা তুলে ধরেন। আলোচক ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান, বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, সমাজ-ভাষাতাত্ত্বিক আনওয়ার এস দিল, প্রায়োগিক ভাষাতাত্ত্বিক আফিয়া দিল, কবি অরুণ দাশগুপ্ত, অধ্যাপক মহীবুল আজিজ, অভীক ওসমান, এজাজ ইউসুফী, আনন্দ মোহন রক্ষিত ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। মুহাম্মদ সিকান্দার খান বলেন, ‘জীবনে ও প্রজ্ঞায় অধ্যাপক মনিরুজ্জামান এ দেশের একজন মৃত্তিকালগ্ন মানুষ। বর্তমান বিশ্বে সাংস্কৃতিক পরিমণ্ডলে বাংলাদেশ নেতৃত্বদানকারী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। আর তা সম্ভব হয়েছে মনিরুজ্জামানের মতো মানুষের হাত ধরে। আমরা তাঁর জন্য গর্বিত।’ জামাল নজরুল ইসলাম বলেন, ‘সাহিত্যের অধ্যাপক হয়েও মনিরুজ্জামান পড়ানোর বিষয়টা বিজ্ঞানের সঙ্গে একীভূত করেছেন। যা তাঁকে বিরল খ্যাতি এনে দিয়েছে।’ আনওয়ার এস দিল বলেন, ‘ভাষাতাত্ত্বিক হিসেবে মনিরুজ্জামানের কর্মসাধনা আন্তর্জাতিক মানের। মানুষ হিসেবেও তিনি অসাধারণ গুণাবলির ধারক। সব পরিচয় ছাপিয়ে তিনি বাংলা ভাষা ও সংস্কৃতির অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’অনুষ্ঠানে ইলু ইলিয়াস রচিত সৃজনে ও মননে মনিরুজ্জামান বইয়ের মোড়ক উন্মোচন করেন জামাল নজরুল ইসলাম। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক সংগঠন ফুল দিয়ে মনিরুজ্জামানকে শুভেচ্ছা জানান। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন অধ্যক্ষ সমীর দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক খালেদা আকতার ও নিজামউদ্দিন।