‘যেন দেশের মান রাখতে পারি’
একসময়ের ডানপিটে, দুরন্ত, চটপটে, পরিপটি স্বভাবের মেহেরপুর জেলার সেই ছেলেটি আজকের ইমরুল কায়েস। গাছের ভাঙা ডাল আর কাগজের তৈরি বল নিয়ে যে ছেলেটি সারা দিন এ মাঠ থেকে ও মাঠে ঘুরে বেড়িয়ে ক্রিকেট খেলত। আজ এলাকার সেই ছেলেটি যাকে সবাই সাগর বলে চেনে, সে দেশের পক্ষে বিশ্বকাপ ক্রিকেটে খেলবে। মেহেরপুর জেলার আবালবৃদ্ধবনিতা এই উত্তেজনায় এখন আনন্দে উদ্বেলিত। ১৯৮৬ সালের ৬ ফেব্রুয়ারি মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের বিশ্বাসপাড়ায় জন্ম ইমরুলের। পরিবারে কোনো খেলোয়াড় ছিল না, তবে বাবা বনি আমিন বিশ্বাস ছিলেন পাঁড় ক্রিকেটভক্ত। সারা দিন রেডিওতে ক্রিকেট খেলা শোনা ছিল তাঁর কাজ। ক্রিকেটের প্রতি বাবার আসক্তি তাঁকেও ক্রিকেটভক্ত করে তোলে ধীরে ধীরে। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় ইমরুল ক্রিকেটটা ভালো বুঝতে শুরু করেন। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় স্কুল ক্রিকেটে অংশ নেওয়া শুরু। এরপর একদিন বাবার হাত ধরে ২০০২ সালে ইমরুল রাজশাহীর সাদ স্পোর্টিং ক্রিকেট ক্লাবে ভর্তি হন। সেদিন মা-বাবাকে ছেড়ে রাজশাহীতে পাড়ি জমাতে গিয়ে ইমরুলের সে কী কান্নাকাটি! বাবাকে বিদায় জানানোর সময় রাজশাহী বাসস্ট্যান্ডেই কান্নায় ভেঙে পড়েন ইমরুল। সেদিন শক্ত মনে বাবা তাঁকে বলেছিলেন, ‘পৃথিবীতে আবেগের কোনো মূল্য নেই। যদি বড় কিছু হতে চাও, তবে কষ্ট করতে হবে, অনেক মায়া ত্যাগ করতে হবে। এই রাজশাহীর ক্রিকেটের গণ্ডি জয় করে, আমি তোমাকে জাতীয় ক্রিকেটে দেখতে চাই।’ সেই ইমরুল কায়েস সাগর ২০০৮ সালে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। পূরণ করেছেন বাবার স্বপ্ন।ইমরুলের বাবা বনি আমিন বিশ্বাস বললেন, ‘আমার বাবা আবদুল কায়েম বিশ্বাসের প্রিয় খেলা ছিল ক্রিকেট। তিনিই প্রথম স্বপ্ন দেখেছিলেন, তাঁর কোনো একজন নাতি একদিন দেশের বড় ক্রিকেট খেলোয়াড় হবে।’মা দিলারা পারভীনও ছেলেকে নিয়ে সমান গর্বিত, ‘আমার ছেলে আজ দেশের জন্য যেন যুদ্ধ করতে যাচ্ছে! এটাই আমার আনন্দ। প্রতিটি খেলার আগে আগে সে আমাদের সঙ্গে ফোনে বলে, “দোয়া করো, যেন দেশের মান রাখতে পারি।” আমরা তো অবশ্যই দোয়া করি, যেমনটা দেশের সবাই করছে। মনে পড়ে ইমরুল তৃতীয় শ্রেণীতে পড়ার সময় ক্রিকেট খেলতে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছিল। ওই সময়ে ছেলের ভবিষ্যৎ নিয়ে দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম।’ইমরুলের দাদি জোহুরা খাতুনের এখন অনেক বয়স হয়েছে। তবে নাতি ইমরুলকে টেলিভিশনে দেখলেই তিনি যেন বয়সের কথা ভুলে যান। ইমরুল ভালো খেললেই আনন্দে উল্লাস করতেও ভোলেন না। নাতির জন্য দোয়া করে বললেন, ‘ছোটবেলাতে ক্রিকেটে খুব ঝোঁক ছিল সাগরের। এ জন্য ওকে রাজশাহী সাদ স্পোর্টিং ক্লাবে দিয়ে আসতে বাধ্য করিয়েছিলাম ছেলেকে। দোয়া করি, ও যেন ভালো খেলে।’কায়েসের প্রিয় বন্ধু ও ফুপাতো ভাই আরিফুল ইসলাম। পুরোনো দিনের কথা বললেন তিনি, ‘সাগর স্থানীয় মাঠে সবাইকে বাধ্য করাতো ক্রিকেট খেলাতে। ক্রিকেটের প্রতি ওর ভালোবাসাই আজ ওকে এত দূর নিয়ে গেছে। ও ভালো করবেই।’ মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিলেন ইমরুল। তাঁর শিক্ষক সেকেন্দার আলী ও আবদুর রাজ্জাক অভিন্ন সুরে বললেন, ‘ইমরুল কখনো খেলাধুলা কিংবা ক্লাসে ফাঁকি দেয়নি। ও বিশ্বাস করত ফাঁকি দেওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা। বেশ কয়েকবার আন্তস্কুল ক্রিকেটে আমাদের স্কুলকে চ্যাম্পিয়ন করেছে ও। ১৯৯৯ সালে যখন ও নবম শ্রেণীর ছাত্র, তখনই ওর নেতৃত্বে দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।’ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কনভেনার ও প্রশিক্ষক শাহীনুর রহমান লিটন বললেন, ‘সাগর রাজশাহী সাদ স্পোর্টিং ক্লাবের পর কাঁঠালবাগান সেকেন্ড ডিভিশন এরপর মোহামেডানে খেলেছে। তারপর ন্যাশনাল পর্যায়ে খেলছে। কায়েসের বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ হয়েছে ছোটবেলায় তার জেদ থেকেই। লেখাপড়ার ফাঁকে ফাঁকে সে সংবাদপত্রে শুধুই ক্রিকেটের খবর পড়ত। টেলিভিশনে দেখত ক্রিকেট খেলা। ক্রিকেট ছাড়া কিছুই বুঝত না সে।’ইমরুলকে কেন্দ্র করে স্থানীয় যুবকেরা তাঁর নামে গঠন করেছে ‘সাগর ক্রিকেট একাডেমি’। ওই একাডেমির সেক্রেটারি মনিরুজ্জামান বললেন, ‘এখানে ৩০ জনকে নিয়মিত বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সব প্রশিক্ষণার্থীর পোশাক, ক্রিকেট সামগ্রী সব দিয়ে থাকেন ইমরুল কায়েস। সুযোগ পেলেই নিজে এসে প্রশিক্ষণ দিয়ে যান। ইমরুলের ইচ্ছা এই প্রতিষ্ঠানের মাধ্যমে দীক্ষা নিয়ে এলাকার একাধিক যুবককে জাতীয় ক্রিকেট দলে সুযোগ করিয়ে দেওয়া। ওর জন্য আমাদের তাই গর্বের শেষে নেই। ও ভালো খেলুক, এটা আমাদের প্রাণের চাওয়া।’ইমরুল কায়েসজন্মস্থানউজলপুর, মেহেরপুরজন্ম২ ফেব্রুয়ারি, ১৯৮৭মাদিলারা পারভিনবাবামো. বনি আমিন বিশ্বাস ব্যাটিংবাঁহাতি ব্যাটসম্যান