‘যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তাঁরা’
উচ্চ শিক্ষিত আরেফিন হাসান (ছদ্মনাম) একটি ব্যাংকের পদস্থ কর্মকর্তা। বছর দুয়েক আগে বিয়ে করেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ইংরেজি সাহিত্যের ছাত্রী শায়লা শারমিনকে (ছদ্মনাম)। সংসারজীবনে তাঁদের ঘরে আসে ফুটফুটে একটি শিশু। কিন্তু বিয়ের তিন-চার মাসের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দেয় তাঁদের মধ্যে। শারমিনের শাশুড়িকে ঘিরেই বিরোধের সূত্রপাত। আরেফিনের অভিযোগ, শারমিন সংসারের প্রতি উদাসীন। আরেফিনের বৃদ্ধা মায়ের সেবাযত্ন করেন না। এ কারণে ঝগড়া থেকে রাগের মাথায় শারমিনকে তালাকের চিঠি পাঠান তিনি। কঠিন এই সিদ্ধান্ত নেওয়ার আগে আরেফিন একবারও ভাবেননি ছোট্ট শিশুটির কথা। সালিসি পরিষদ উভয় পক্ষের আত্মীয়দের এক টেবিলে বসার ব্যবস্থা করেন। আলোচনায় শিশুটির বিষয়ও উঠে আসে। আরেফিন এক পর্যায়ে ভুল বুঝতে পেরে প্রত্যাহার করে নেন তাঁর দেওয়া তালাকের চিঠি। এ ব্যাপারে সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আদেশ দেন। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। প্রথমপক্ষ আরেফিন হাজির হয়ে তালাকের চিঠি প্রত্যাহারের আবেদন করেন। দ্বিতীয়পক্ষ শায়লা শারমিনও হাজির আছেন। আরেফিন ও শায়লাকে অত্যন্ত হাসিখুশি ও আত্মবিশ্বাসী মনে হলো। আরেফিন অত্যন্ত হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, ‘আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমরা আবার সুখের সংসার গড়তে চাই।’ এ সময় শায়লা শারমিন বাচ্চা কোলে নিয়ে হাসিমুখে স্বামীর কথায় নীরবে সায় দিচ্ছিলেন। এ সময় দুজনকে মনে হচ্ছিল পৃথিবীর যেন সবচেয়ে সুখী মানুষ তাঁরা। আরেফিনের বক্তব্যে সালিসি কক্ষ যেন খুশিতে উদ্ভাসিত। সারা পৃথিবীজুড়ে যেন আনন্দের আলোকোজ্জ্বল বন্যা বইছিল। সবকিছু ছাপিয়ে শিশুটিকে মনে হচ্ছিল যেন স্বর্গীয় শিশু। উভয়পক্ষের বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও প্রতিনিধিরা যেন কোনো স্বর্গীয় উদ্যানে দাঁড়িয়ে আছেন এক অনাবিল সুখের আবেশ মেখে। এই পরিবেশ কবি শেখ ফজলুল করিম-এর সেই সুবিদিত কবিতাকে মনে করিয়ে দেয়।‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর,/ মানুষের মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর।/ প্রীতি-প্রেমের পুণ্য বাঁধনে সবে মিলি পরস্পরে,/ স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।’আরেফিন হঠাৎ সালিসি পরিষদের উদ্দেশে বলেন, ‘স্যার, আমি আগে সালিসি পরিষদের সামনে সঠিক আচরণ করিনি। আমার ভুল হয়ে গেছে...আমাকে ক্ষমা করে দেন।’ সালিসি পরিষদের কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে পরিচালিত হতে হলে অনেক অনানুষ্ঠানিক কথাবার্তা মাঝেমধ্যে ধর্তব্যের মধ্যে আনা যায় না। তা ছাড়া জীবন-ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষগুলো সব সময় মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় থাকে না। তবে কোনো কোনো সময় মহৎ অর্জনের স্বার্থে অবস্থার পরিপ্রেক্ষিতে কোমল-কঠোর পন্থা অবলম্বল করতে হয়। যা হোক, আইনগত বাধা না থাকায় তালাক প্রত্যাহার আবেদন মঞ্জুর করা হলো।