'যেন শিল্পী হওয়াই সবচেয়ে সহজ'

সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত মান। মঞ্চ মাতিয়ে চলেছেন প্রায় ২০ বছর ধরে। এ পর্যন্ত বেরিয়েছে ছয়টি একক অ্যালবাম। যা সাড়া ফেলে শ্রোতাদের মধ্যে। পাঁচ বছর পর আবার শুরু করেছেন নতুন দুটি অ্যালবামের কাজ। সাম্প্রতিক ব্যস্ততা ও সংগীতজীবনের টুকরো স্মৃতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি
আমার ব্যস্ততা...
সামনে দুর্গাপূজা। কেনাকাটা আর গান দুটো নিয়েই সমান ব্যস্ততায় কাটছে দিন। একসঙ্গে দুটি একক অ্যালবামের কাজে হাত দিয়েছি। গান রেকর্ডিং চলছে। কয়েকটি গানের মিউজিক ভিডিও করছি। তা ছাড়া পূজায় বিভিন্ন অনুষ্ঠানে গান করব।
শুরু যেভাবে...
আমার বয়স তখন তিন কি চার হবে। টেলিভিশনে কোনো গান ও নাচের অনুষ্ঠান কিংবা সিনেমার গান দেখলে তা নিজে করার চেষ্টা করতাম। গান গাইতাম সারা ঘরে নেচে নেচে। তা দেখে বাবা-মা বুঝলেন মেয়ের আগ্রহ কোন দিকে। বড় ব্যাপার হচ্ছে আমার ঠাকুরমা শিল্পী। বাবা-মাও গান করেন। ফলে দুইয়ে দুইয়ে চার হলো। আট বছর বয়সে ওস্তাদ বাণী কুমার চৌধুরীর কাছে হলো গানের হাতেখড়ি। এরপর এক বছরের মাথায় মঞ্চে। ব্যস, শুরু হলো শিল্পীজীবন।
যত অর্জন...
খুব বেশি প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়নি। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য: ১৯৯৩ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশের গানে ও একই বছর নতুন কুঁড়িতে নজরুলসংগীতে প্রথম। ২০০৪ সালে ভারতের বেসরকারি চ্যানেল তারা বাংলার ‘ট্যালেন্ট হান্টে’ একমাত্র বাংলাদেশি হিসেবে ছিলাম সেরা চারে।
গানের ডালি...
প্রথম অ্যালবাম ডাক পিয়ন বের হয় ১৯৯৪ সালে। তখন আমার বয়স ১১ বছর। ১৯৯৭ সালে বের হয় দ্বিতীয় অ্যালবাম মনে পড়ে তোমাকে। এরপর ১৯৯৯ সালে প্রেমের ছোঁয়া, ২০০০ সালে অন্তরে আছো তুমি ২০০৫ সালে স্মৃতির ক্যানভাস ও ২০০৮ সালে বের হয় ফিরে দেখা। সর্বশেষ কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে দ্বৈত অ্যালবাম স্বপ্ন দেখি বের হয় ২০১০ সালে।
আমার প্রেরণা...
লতা মঙ্গেশকর, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের গান শুনি মন্ত্রমুগ্ধের মতো। তাঁদের গান আমাকে সব সময় আলোড়িত করে। আর ঘরে বাবা মানস কুমার রক্ষিত, মা শর্মিষ্ঠা রক্ষিত ও স্বামী অসীম দাশ। এই তিনজনই আমাকে সাহস জোগান, এগিয়ে যাওয়ার পথ বাতলে দেন।
নতুনদের জন্য...
যেকোনো মানুষের মধ্যে সুর আছে। কেউ প্রকাশ করে, কেউ তা আড়ালে রাখে। তবে এখন ভালোভাবে না শিখে অনেক নতুন শিল্পী আসছেন। যেন শিল্পী হওয়াই সবচেয়ে সহজ। আদতে এ কাজটি অনেক কঠিন। সংগীত সাধনার বিষয়। তাই তালিম নিয়েই আসা উচিত।
স্বপ্ন আমার...
এখনো শাস্ত্রীয় ও নজরুলসংগীতের তালিম চলছে। মনে হয় প্রতিদিন নতুন করে শিখছি। সংগীতে নিজেকে যে অবস্থানে দেখতে চাই তার থেকে এখনো অনেক দূরে। আমাকে আরও বহুদূর যেতে হবে। এ জন্য নিজেকে পোক্ত করার চেষ্টা চলছে বিরামহীন।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ