'রঙিলা দিলওয়ালি...'

জন্ম বিলেতে। ভিনদেশি সংস্কৃতিতে বসবাস। তবে ঘরের পরিবেশটা ছিল ষোলআনাই বাঙালি। মা শুনতেন শেফালী ঘোষ, বাবা ভক্ত বাউল গানের। গানের সঙ্গে সখ্য পুতুলনাচের বয়সেই। শিকড়ের টানটা ভালোই টের পেতেন। মায়ের কাছে শোনা কর্ণফুলীপাড়ের গল্প দাগ কাটে মেয়েটির মনে। অজান্তেই মনের গহিনে ঠাঁই করে নেয় চট্টগ্রাম। আর তা-ই যেন সুর হয়ে এল কণ্ঠে। বিলেতি সেই মেয়েটির নাম শিরিন। এ শিল্পী চট্টগ্রামের আঞ্চলিক গানকে দিয়েছেন নতুন গতি। ভুলতে বসা গান ভিন্ন আঙ্গিকে তুলে দিলেন নতুন প্রজন্মের কাছে।
২০০৭ সালে বের হলো একক অ্যালবাম পাঞ্জাবিওয়ালা। ব্যাপক সাড়া। উৎসাহ বেড়ে হলো দ্বিগুণ। দুই বছর পর মাতওয়ালি। মাঝে চার বছর নিশ্চুপ। এবার রঙিলা। ‘রঙিলা মন, রঙিলা শহর.../ আমি রঙিলা দিলওয়ালি...’ মনের কথাই কী গানে গানে বললেন শিরিন? শুনেই প্রাণখোলা হাসি। বললেন, ‘সুরের সঙ্গে আমার বসবাস। মন তো রঙিন হবেই।’ তৃতীয় অ্যালবামের জন্য এত সময় কেন? এবার কণ্ঠে কিছুটা দৃঢ়তা। ‘ভালো কিছু করার জন্য চেষ্টা থাকে সব সময়। এমন একটা কিছু দেব তা যেন শ্রোতাদের মনে ঠাঁই করে নেয়। তা ছাড়া আমি গান সংগ্রহের কাজে ব্যয় করেছি বেশি সময়। চট্টগ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা আঞ্চলিক গান আমি সংগ্রহ করে শ্রোতাদের দিতে চাই। এই অ্যালবামে কালাচাঁদ গানটি ওই রকম। আমার মনে হয় এ গানটি আগে কেউ অ্যালবামে প্রকাশ করেনি। এ ধরনের কাজ করতে হলে সময় একটুি বেশি লাগে। তার ওপর লন্ডন-ঢাকার দূরত্ব।’ বললেন শিরিন।
এবারের অ্যালবামে মোট গান নয়টি। বিরহ, লোকজ ও অ্যাধাত্মিক ধাঁচের গান দিয়ে সাজানো হয়েছে রঙিলা। এতে মৌলিক গান পাঁচটি। লেজার ভিশনের প্রযোজনায় অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার, হূদয় খান, রাফা ও রোমেল।
পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন। ‘রসিক তেল কাজলা/ ঐ লাল কোর্তাওয়ালা/ দিল বড় জ্বালারে
পাঞ্জাবিওয়ালা...’—আবদুল গফুর হালীর গান শিরিনের কণ্ঠে। তরুণ থেকে মাঝবয়সী সবার মুখে মুখে হয় গানটি। শিল্পী শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের পর আবার আঞ্চলিক গানের জোয়ার। শিরিন নিজেই অভিভূত হয়ে গেলেন। তাঁকে শ্রোতারা এত সহজে আপন করে নেবেন ভাবেননি। বললেন, ‘আমার চেষ্টা ছিল চট্টগ্রামের আঞ্চলিক গানকে আবার সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। কাজটা খুব একটা সহজ ছিল না। শ্রোতারা কীভাবে নেয় এ নিয়ে দ্বিধা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শ্রোতাদের ভালোবাসায় উতরে গেলাম।’
কথার ফাঁকে অবাক করা তথ্য দিলেন এ শিল্পী। কোনো ওস্তাদের কাছে গান শেখেননি। মা-ই ছিলেন শিক্ষক। প্রথম প্রথম মায়ের মুখে মুখে গাওয়া, পরে হারমোনিয়ামে। মাকে খুব বেশি মনে পড়ে তাঁর। গলায় গান তুলে দিয়ে তাঁকে আজকের অবস্থানে দেখার ইচ্ছা ছিল মায়ের। কিন্তু নিয়তির বিধান—মা মারা যাওয়ার পরই শিরিনের প্রথম অ্যালবাম বের হলো। যিনি দেখে যেতে চেয়েছিলেন তাঁর মেয়ে নামী গায়িকা। শুধু সেই তিনিই নেই, আর সবাই আছেন। কষ্ট বুকে চেপে শিরিন মায়ের স্বপ্নপূরণের পথেই হাঁটছেন। মা মমতাজ বেগম ও বাবা মুনির আহমেদ—দুজনের প্রভাব আছে তাঁর মধ্যে। আঞ্চলিক ও বাউল গানের ভক্ত তিনি। প্রিয়শিল্পী শেফালী ঘোষ ও বাউল আমির উদ্দিন। অবসরে সুরই তাঁর সঙ্গী। কাজের কথা অনেক হলো। এবার একটু ভিন্ন পথে আসি। রসিক তেল কাজলার খবর কী? শুনে কিছুক্ষণ চুপচাপ। মনে হলো উত্তর ঠিক করলেন। বললেন, ‘একজন ছিল। রসিক তেল কাজলা হয়ে ওঠার আগে হারিয়ে গেল। মনের মতো তেল কাজলার খোঁজ এখনো করে বেড়াচ্ছি। হয়তো একদিন পেয়ে যাব।’