—অ্যাই, একটা চা দে। চিনি কম, দুধ বেশি।—অ্যাই পিচ্চি, কড়া কইরা চা বানা তিনটা। পানি দে এক গ্লাস। —বাবু একটা চা বানাও। চিনি একটু বেশি করে দিয়ো।—অ্যাই ছেমড়া, সিগারেট দে। শিঙাড়া আজকের তো।...জি, আইজকার। কী, সিগারেট দিমু?এত ক্রেতার পর এই একজনের কথায় সাড়া দিল ছেলেটি। ব্যস্ত দুপুরে দুই হাতে চা বানাচ্ছে কাপের পর কাপ। দুপুরে ভাত খেয়ে ঘুম দিতে গেছেন দোকানের মালিক। আর ছোট্ট ছেলেটির হাতে দোকানের যাবতীয় দায়িত্ব। কোনো দিকে তাকানোর ফুরসত নেই তার। একজনের চা, অন্যজনের সিগারেট, কারও রোল-শিঙাড়া, কারও বা পেটিস। ছেলেটির ব্যস্ততায় অনেকে নিজেই পানির পাত্র থেকে পানি নিয়ে তৃষ্ণা মেটান। বয়সের তুলনায় ছেলেটি হিসাবেও বেশ চটপটে। চট করে হিসাব কষে বলে দিচ্ছে কার কত টাকা বিল হয়েছে।‘কী নাম তোমার?’—অবাক করা দৃষ্টিতে ছেলেটি তাকিয়ে থাকে এই প্রতিবেদকের দিকে। ফের মাথা নিচু করে চা বানাতে ব্যস্ত হয়ে পড়ে সে। একই প্রশ্ন আবার করি। এবার মিষ্টি হেসে উত্তর আসে—‘মা জুয়েল কই ডাক দেয়।’ পরক্ষণেই আবারও ব্যস্ততা। ফিরে এসে তার উল্টো প্রশ্ন—‘আপা, আমার নাম দিয়া কী কইরবেন?’ ‘কিচ্ছু না, এমনি—তুমি পড়াশোনা করেছ?’ চোখেমুখে আনন্দের ঝিলিক খেলে গেল। জুয়েলের উত্তর—‘হুঁ, গেরামে কেলাস ফোর ফর্যন্ত হইড়ছি।’ কিন্তু পরক্ষণেই যেন স্কুলের সেই আনন্দ হারিয়ে গেল চায়ের চামচের টুংটাং শব্দের ব্যস্ততায়। ‘পড়াশোনা ছাড়লে কেন?’—‘কেননে হড়মু? বাবা নাই, বড় ভাই মইরছে বিষ খাই। মা একা সংসার চালাইব কেননে?’ ‘আর পড়বে না?’—‘না। রাইতে সময় ফাইলে ফেফার হড়ি।’‘আপা, আপনে কী করেন?’—আদর পেয়ে জুয়েলের মুখে প্রশ্ন। ‘আপা, আমার ফটু তোলেন কেন?’ ডিজিটাল ক্যামেরায় নিজের ছবি দেখে খুশি জুয়েলের নতুন আবদার—‘আমারে একটা ফটু দিবেন, মারে হাডামু।’‘মার কথা মনে পড়ে?’—‘হ্যাঁ। রাইতে খুব খারাফ লাগে। মায় কিছু খাইছেনি, শরীর কেমুন আছে?—এই সব কত কথা মনে হয়। মার কাছে যাইতে মন চায়।’‘এখানে কাজ করতে কেমন লাগে, জুয়েল?’—‘খারাফ ভালা দি কী অইব, টাকা লাইগব।’ ‘বড় হয়ে কী করতে চাও তুমি?’—‘চিন্তা কইরছি, গেরামে এককান দোয়ান দিমু। মারে লই বাড়িত থাকমু। মারেও দেখমু, আঁর মনও ভালা লাইগব।’আসাদগেটের ফুটওভারব্রিজের নিচে বাস স্টপেজের কাছে দোকানটিতে প্রতিদিন দেড় থেকে দুই শ ক্রেতার মনমতো চা বানায় জুয়েল। দশেও পা পড়েনি। বড় বড় চোখে তাকিয়ে থাকে ফুটন্ত কেটলির দিকে। সাত মাস ধরে চা বানায় জুয়েল। বাড়ি নোয়াখালীর রামগঞ্জের ইসলামপুরে। বাবা আবদুল বারেক মারা গেছেন। বড় ভাই রিপন বিষ খেয়ে আত্মহত্যা করেছে। পরিবারের দুই উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ায় অন্ধকার নেমে আসে জুয়েলদের পরিবারে। ছোট দুই ছেলেকে নিয়ে অসহায়হয়েপড়েন জুয়েলের মা। এলাকাবাসীর সহযোগিতায় দুই ভাই ঢাকায় এসে কাজ জুটিয়ে নিয়েছে। মেজো ভাই বাবুল (১৪) লোকাল বাসে চালকের সহকারী হিসেবে কাজ পায়। আর জুয়েল যোগ দিয়েছে সাদিয়া ফাস্ট ফুড নামের এই দোকানে। মাসিক এক হাজার টাকা বেতনের প্রায় সবটুকুই জমিয়ে রাখে জুয়েল তার মায়ের জন্য। এ পর্যন্ত মাকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছে সে।কথা হলো, সাদিয়া ফাস্ট ফুডের মালিকের সঙ্গে। তিনি নাম না প্রকাশের শর্তে জানালেন, জুয়েলের গ্রামের এক আত্মীয়ের অনুরোধে তাকে কাজে রাখা হয়েছে। খুবই চটপটে ছেলে জুয়েল। সৎ ও সাহসী। কাউকে বাকি দেয় না। কেউ যদি কোনো কিছু বাকি চায়, জুয়েল তাকে মিষ্টি হেসে মালিকের সঙ্গে দেখা করতে বলে দেয়। হিসাবে খুব পাকা। টাকা-পয়সার হিসাবে এখনো কোনো গরমিল করেনি। বাচ্চাটির জীবনে শিক্ষার প্রয়োজন রয়েছে এটা স্বীকার করেন দোকানের মালিক। কিন্তু নিজেকে নিরুপায় দাবি করে তিনি বলেন, ‘আমার পক্ষে কতটুকু করা সম্ভব। কাজ দিছি। খাওয়া-থাকা দুইটাই আমার ওপর। জুয়েল যদি এখন কাজ রাইখা পড়তে যায়, তা হলে আমার দোকান চলবে কেমনে?’ জীবনের কঠিন বাস্তবতা ছিনিয়ে নিয়েছে জুয়েলের পড়াশোনার সুযোগ।