বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেছেন, রাজনীতিতে অস্ত্র ও পেশিশক্তির দিন শেষ হয়ে গেছে। এসব করে নেতা হওয়া বা ক্ষমতায় যাওয়া আর কখনো সম্ভব হবে না। তাই শিক্ষা ও জ্ঞান অর্জন ছাড়া কোনো উপায় নেই। নেতা হতে হলে অবশ্যই শিক্ষিত ও জ্ঞানী হতে হবে। মেধার শক্তি দিয়েই আজকের ছাত্ররা আগামী দিনে বিশ্বের নেতৃত্ব দেবে।
গত রোববার বিকেলে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে জেলা ছাত্রলীগ আয়োজিত শিক্ষার জন্য সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে শিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষিত হয়েই নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘দেশের শিক্ষাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। সরকারি উদ্যোগে এখন সবাই শিক্ষা নিতে পারছে। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে সেশনজট নেই।’
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ তানিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার সদর–রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আদিত্য নন্দী, এরশাদুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা ও উপদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম।
বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম, আলী আহামদ, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
সমাবেশে উপজেলা, সাংগঠনিক উপজেলা, ইউনিয়ন, ইউনিট, কলেজ, বিশ্ববিদ্যালয়, পৌরসভাসহ বিভিন্ন শাখার দুই হাজার নেতা-কর্মী অংশ নেন।