‘রাজাকারের ফাঁসি চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। জেলা ও উপজেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। সবার এক দাবি ‘রাজাকারের ফাঁসি চাই’। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:দীঘিনালা: কাদের মোল্লার যাবজ্জীবন রায় প্রত্যাখ্যান করে সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে দীঘিনালা কলেজ চত্বর এলাকায় গত বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় প্রজন্ম ’৭১, পাহাড়ি ছাত্রপরিষদ, শালবন বৌদ্ধ যুবকল্যাণ পরিষদ, সনাতন ছাত্র পরিষদ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে গণসংগীত পরিবেশন, রাতে মশাল মিছিল ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা প্রদর্শন করা হয়। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, প্রজন্ম ’৭১-এর সভাপতি দীপায়ন বড়ুয়া, জীবন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, জানি না আর কত খুন, ধর্ষণ, নির্যাতনের অভিযোগ থাকলে কাদের মোল্লার ফাঁসি হতো। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের ফাঁসি না হলে মুক্তিযুদ্ধকে অবমাননা করা হবে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মদান বৃথা যাবে। রাঙ্গুনিয়া: কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মানুষ অংশ নেন। এতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ শিক্ষক, সংস্কৃতি কর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক নাসির উদ্দিন, ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, আইনজীবী রহমত উল্লাহ প্রমুখ। পটিয়া: যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে পটিয়া থানার মোড়ে গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অবস্থান নেয় সর্বস্তরের মানুষ। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, ছাত্র, যুব সংগঠন, সাংস্কৃতিক, শিশু-কিশোর, সামাজিক সংগঠনের নেতারা। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন স্বাধীন বংলা বেতারকেন্দ্রের শিল্পীদের গান। সভায় বক্তারা বলেন, ‘কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি দিতে হবে। আমরা এ রায় মানি না। যত দিন যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে না তত দিন আমরা রাজপথে থাকব।’