'রাজা'র দাম চার লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তার ‘রাজা’। বেশ মোটাতাজা শরীর। গলায় মালা। আশপাশে উৎসুক মানুষের ভিড়। তাকে ঘিরে জটলা। দামেও তার রাজকীয় ভাব—চার লাখ টাকা। গত সোমবার কক্সবাজারের টেকনাফ উচ্চবিদ্যালয় মাঠে পশুর হাটে এই গরুটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে হাটে এর দাম উঠে আড়াই লাখ টাকা পর্যন্ত। কিন্তু মালিক বাহারছড়ার পানচাষি নুরুল ইসলাম (৪৪) তাতে রাজি হননি।

নুরুল ইসলাম জানান, এক বছর আগে তিনি ৭৭ হাজার টাকা দিয়ে এই গরুটি কেনেন। তখন গরুর ওজন ছিল তিন মণের কাছাকাছি। এখন ছয় মণের বেশি। শখ করে গরুর নাম রেখেছেন ‘রাজা’।

এদিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন নারকেলবাগানে বসেছে জেলার সবচেয়ে বড় কোরবানির পশু বিক্রির হাট। কিন্তু এবার হাটে গত বছরের তুলনায় পশুর সরবরাহ কম। ফলে দাম চড়া। টেকনাফ, শাহপরীর দ্বীপ, উখিয়া, বালুখালী, কোটবাজার, মরিচ্যা, রামু, রাজারকূল, ঈদগাহ, খরুলিয়া, বাংলাবাজার, লিংকরোডসহ বিভিন্ন হাটবাজার ঘুরেও দেখা গেছে এখনো জমে উঠেনি হাট। সরেজমিনে ঘুরে এর সত্যতা পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমার থেকে এবার কোরবানির পশু আসছে কম। কারণ সে দেশের সীমান্তরক্ষী লুণ্টিন বাহিনীর বাধা। তারা টেকনাফসংলগ্ন নাফ নদীতে টহল দিচ্ছে, যেন পশুবোঝাই ট্রলার টেকনাফ করিডরে আসতে না পারে। শহরের নারকেলবাগান হাটে কথা হয় গরু কিনতে আসা চট্টগ্রামের হালিশহরের ব্যবসায়ী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এক লাখ ৮৫ হাজার টাকায় একটি গরু কিনেছি। এটির ওজন কম পক্ষে সাত মণ হবে।

জানা গেছে, জেলার অন্তত ৪০টি কোরবানির হাটে এ পর্যন্ত বিক্রি হয়েছে ২০ হাজারের বেশি পশু। হাট থেকে পশু কিনে ব্যবসায়ীরা ট্রাকে সরবরাহ দিচ্ছেন চট্টগ্রাম, আমিরাবাদ, সীতাকুণ্ড, লোহাগাড়া, সাতকানিয়াসহ দেশের বিভিন্ন স্থানে।

বৃহত্তর চট্টগ্রামের একমাত্র পশু আমদানির করিডর রয়েছে টেকনাফের শাহপরীর দ্বীপে। গত কয়েক দিন ধরে এই করিডর দিয়ে পশু আসছে মিয়ানমার থেকে। চলতি অক্টোবর মাসের প্রথম সাত দিনে করিডর দিয়ে আসে প্রায় দুই হাজার গরু-মহিষ।

করিডর দিয়ে আনা বেশির ভাগ পশু বিক্রি করা হয় টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে। এখানে এক থেকে দেড় মণ ওজনের গরু ২৫ থেকে ৩০ হাজার এবং দুই থেকে চার মণ ওজনের গরু-মহিষ ৪০ থেকে ৬৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

শাহপরীর দ্বীপের পশু ব্যবসায়ী সলিম উল্লাহ বলেন, লুণ্টিনের বাধার কারণে মিয়ানমার থেকে চাহিদা মতো পশু আনা যাচ্ছে না। ফলে এবার পশুর দামও বেশি। দাম বেড়ে যাওয়ায় দেশীয় গরুর মালিকেরা লাভবান হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার ২০০৩ সালে ২৫ মে এই করিডরটি চালু করে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পশু আমদানির বিপরীতে এই করিডর থেকে সরকার রাজস্ব আয় করে প্রায় ১৩ কোটি টাকা।

টেকনাফ কাস্টমস সুপার হুমায়ুন কবির বলেন, ‘মিয়ানমারে বাংলাদেশি টাকার মান কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় অনেকে পশু আমদানিতে উৎসাহ হারিয়ে ফেলেছেন। তা ছাড়া লুণ্টিনের বাাধা তো আছেই। আমরা আরও পশু নিয়ে আসতে ব্যবসায়ীদের উৎসাহিত করছি।’