'রানা প্লাজা ট্র্যাজেডিতেও কেন সামান্যই পাল্টায়'

একদিকে উচ্চ মুনাফা, আরেকদিকে এমন এক শ্রমিক দল যারা উদয়াস্ত কাজ না করলে না খেয়ে থাকবে; এর মাঝে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর পরিস্থিতির খুব সামান্যই উন্নতি হয়েছে।
দুই বছর আগে বাংলাদেশের রাজধানীর কাছে রানা প্লাজা পোশাক কারখানায় বিপর্যয়ের ভয়াবহ মাত্রার কারণেই আশা তৈরি হয়েছিল যে, পুরো পোশাক শিল্পেই হয়তো একটা বড় পরিবর্তন হতে পারে। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি।
বাস্তবতা হলো, ২০১৩ সালের এপ্রিলে ওই ট্র্যাজেডির পর পরিস্থিতি খুব সামান্যই পাল্টেছে। ব্র্যান্ড এবং কারখানা মালিকেরা বিপুল পরিমাণ লাভ করছে। খুবই নিম্ন মানের হলেও, দেশের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে বাংলাদেশের সরকার কর্মসংস্থান নিশ্চিত করছে। ভোক্তারা চূড়ান্তরকম সস্তায় কাপড়চোপড় কিনতে পারছে।
এই পরিস্থিতির অর্থ এও যে, ইউরোপে ব্যয় সংকোচন আর মজুরি কমানোর এই সময়েও ব্র্যান্ডগুলো দাম কমিয়ে পণ্য বেচতে পারছে।
ভোগান্তির শিকার কেবল ওই শ্রমিকেরা, যাদের বেশির ভাগই কম বয়সী নারী এবং যাদের কথা প্রায় শোনাই যায় না। দুর্বল ও অসহায় হিসেবেই তাদের তুলে ধরা হয়েছে, চিত্রিত করা হয়েছে। অনেকে বলতে চান, এই কাজ জুটেছে বলে তাদের কৃতজ্ঞ থাকা দরকার। এমনকি অনেক এনজিও এই কাজকে শোষণমূলক হিসেবে না দেখে একে নারীর ক্ষমতায়ন হিসেবেও দেখাতে চান।
তাই, আসল প্রশ্নটা হলো কেন অনেকেই পরিবর্তন আশা করেন? কেন আমাদের বলা হয় ‘ভালোটুকু’ গুরুত্বের সঙ্গে তুলে ধরতে, যখন ‘খারাপটুকুই’ সবকিছুকে ছাপিয়ে যায় আমাদের অভিজ্ঞতায় দেখা শ্রমিকদের জীবনে?

ইউরোপে প্রশ্নাতীতভাবে একটা বিশ্বাস চালু আছে যে, শিল্পায়নের প্রক্রিয়াটা সহজাতভাবেই ভালো এবং সময়ের সঙ্গে সঙ্গে আপনাআপনিই যেন এই পরিবর্তনটা ঘটে থাকে। এই বিশ্বাস ইতিহাসের মিথ্যা পাঠের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। যে ইতিহাস পশ্চিমের শিল্পায়নের ক্ষেত্রে ঘটা পরিবর্তনের পরিপ্রেক্ষিতকে বাদ দিয়ে রচিত।
শিল্পায়ন ঘটা সমাজগুলো এমনি এমনি এমন সামাজিক গণতন্ত্রে উন্নীত হয়ে যায়নি, যেখানে নাগরিকেরা সরকার ও নিয়োগদাতাদের কাছ থেকে অধিকার প্রত্যাশা করতে পারে। কাজের নিরাপদ পরিবেশ, শিশুশ্রম বিলোপ, পাঁচ কর্মদিবসে সপ্তাহ, শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা শিল্পায়নের ফল হিসেবে এমনি এমনি ঘটে যায়নি। প্রজন্মের পর প্রজন্মের শ্রমিকদের এ জন্য সাহসের সঙ্গে লড়াই করতে হয়েছে।
বাংলাদেশ এখনো উন্নয়নের একটা শুরুর দিকের স্তরে রয়েছে এমন বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থেকে কিছু অনুমান করাটা ভুল (আর মারাত্মক ঔপনিবেশিক ও বর্ণবাদী ফিসফিসানিতে যা বলতে চাওয়া হয় যে, বাংলাদেশ আসলে ইউরোপের মতো সভ্য না, সেসবের কথা না হয় বাদই দিলাম)। বাংলাদেশ আমাদের অতীতকে স্মরণর করিয়ে দেয় না কিন্তু ভবিষ্যতের একটা দর্শন দিতে পারে।
আমাদের সরকারগুলো যখন নয়া-উদারবাদী, মুক্ত বাজার পুঁজিবাদকে একমাত্র পন্থা হিসেবে বেছে নেয়, তখন তারা আসলে বাংলাদেশে যা করা হয়েছে, ঠিক তেমন একটা সমাজ পুনর্গঠনের পথেই এগিয়ে যায়। এটা এমন এক অস্তিত্বহীন-রাষ্ট্রের চিত্রকল্প হাজির করে যেখানে রাষ্ট্রের ভূমিকা অনেকটাই অসন্তুষ্ট জনগণকে দমিয়ে রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনীর কাজেই সীমিত থাকে।
এই ব্যবস্থা দ্রুত মুনাফা অর্জনের পথে কোনো ‘বাধা’ না রাখার দিকে এগিয়ে যেতে থাকে-কোনো কর থাকে না, কোনো ট্রেড ইউনিয়ন থাকে না, কোনো ‘লাল ফিতা’ বা কোনো নিয়ন্ত্রণও থাকে না। বাংলাদেশে ধনীদের জন্য এবং গার্মেন্টস ব্যবসা থেকে এখানে তৈরি হওয়া অনেক ধনী পরিবারের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সব ধরনের উচ্চমানের সেবা পাওয়াই সম্ভব। আর যদি দেশে সেগুলোর কোনোটা না পাওয়া যায় তাহলে তারা বিশ্বের অন্যান্য এলিটদের সঙ্গে যোগ দিয়ে বিদেশে কেনাকাটায় যেতে পারেন।

বাংলাদেশের শ্রমিকেরা ‘ফ্রি চয়েস’ বা বেছে নেওয়ার স্বাধীনতা থেকেই এখানে (গার্মেন্টস কারখানায়) কাজ করতে আসে: তুমি যদি তোমার চাকরিতে সন্তুষ্ট না হও তাহলে তুমি অনাহারে থাকতে পারো। কিংবা দিন মজুরের মতো অপ্রাতিষ্ঠানিক খাতে কাজের চেষ্টা করতে পারো, গৃহশ্রমিকের কাজ করতে অন্যত্র যেতে পারো (অনেক সময়ই দাসের মতো পরিস্থিতিতে), কিংবা রাস্তায় ভিক্ষায় নামতে পারো। তুমি যদি দীর্ঘ কর্মঘণ্টা ধরে বিরামহীন কাজের সঙ্গে মানিয়ে নিতে না পারো, অপুষ্টি ও কাজের পরিবেশগত চাপে হাঁপিয়ে উঠো, কিংবা যদি আহত হও, গর্ভবতী হও কিংবা একটা পারিবারিক জীবন চাও তাহলে তোমার পথ তোমাকেই বেছে নিতে হবে।
এর বাইরে সেফটি নেট বা নিরাপত্তা বলয় বলে যদি কিছু থাকে তাহলে সেটা এনজিওগুলোর একটা ‘বিশাল সমাজ’ যাদের হাত ও প্রভাব দুটোই অনেক বড়। কিন্তু তারা কেবলই তাদের তহবিল দাতাদের কাছে দায়বদ্ধ, যে মানুষদের নিয়ে তারা কাজ করে তাদের কাছে নয়। আর তারা এমন একটা শক্তিশালী আদর্শিক কাঠামোর মধ্যে কাজ করে যেখানে গরিব মানুষগুলোকে সব সময়ই নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হয়।
তাই, যখন জানতে চাওয়া হয় যে রানা প্লাজার পর আসলে কী পাল্টেছে, তখন আমাদের অনেক কিছুই দাবি করার থাকে। বৈশ্বিক ব্যবস্থায় সামান্য এদিক সেদিকের চেয়ে বেশি কিছু। বিশেষত ওই বৈশ্বিক ব্যবস্থাটাই যখন আমাদের এমন এক অনিরাপদ ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজের টুঁটি চেপে ধরছে।
আমাদের এটা বুঝতে পারতে হবে যে, পরিবর্তন কেবল একটা দেশের একটা খাতের বিষয় নয়। আমরা যদি সত্যিকার পরিবর্তন দেখতে চাই, তাহলে আমাদের সেটা চাইতে শুরু করতে হবে-শুধু বাংলাদেশে না, আমাদের যার যার দেশেও, একটা ভিন্ন দর্শনের সমাজের জন্য সংগঠিত হয়ে আর লড়াই করে, যেখানে সব দেশের সব নাগরিকের জন্যই আত্মমর্যাদা নিয়ে বাঁচার অধিকার থাকবে।
দুনিয়াজুড়ে বস্ত্র খাতের শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে যুক্তরাজ্যের ব্রিস্টল ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান লেবার বিহাইন্ড দ্য লেবেল। প্রতিষ্ঠানটির শ্রমিক নিরাপত্তা নীতির পরিচালক স্যাম মাহের। বাংলাদেশের রানা প্লাজা ট্র্যাজেডির দুই বছর পূর্তিকে ঘিরে দ্য গার্ডিয়ানে এ নিবন্ধটি লিখেছিলেন তিনি। লেখাটির শিরোনাম ‘রানা প্লাজা: ট্র্যাজেডির দুই বছর পর, কেন খুব সামান্যই পাল্টেছে?’ মে দিবস উপলক্ষে প্রথম আলোর পাঠকদের জন্য লেখাটির ভাবানুবাদ করেছেন আহমেদ মুনীরুদ্দিন।