বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি আশানুরূপ নয়। বিশেষ করে নারীর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত। নারীর জীবনের সার্বিক উন্নতি ঘটাতে প্রয়োজন আরও সচেতনতার, আরও উদ্যোগের। প্রয়োজন শাসনতন্ত্রের ধারার আলোকে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদের (সিডও) পূর্ণ বাস্তবায়ন। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম।

প্রথম আলো: দেশে বর্তমানে মানবাধিকার পরিস্থিতি কেমন?
আয়েশা খানম: সত্যিকার অর্থে দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এখানে গণতন্ত্রের চর্চা সঠিক পদ্ধতিতে হচ্ছে না। পৃথিবীর সব দেশেই জনগণের স্বার্থ, চিন্তা দেশের রাজনীতিতে প্রতিফলিত হয়। এখানে সেটা কম। এখানে দেখা যায় জনগণের চেয়ে দল বড়, নেতা দলের চেয়েও বড়। বহু রক্তের বিনিময়ে যে গণতন্ত্রের অভিযাত্রা শুরু করেছিলাম আমরা, আজ তা বাধাগ্রস্ত। জনগণের ভোটে সাংসদ নির্বাচন হন। কিন্তু পরবর্তী সময়ে মাসের পর মাস, বছরের পর বছর সংসদ বর্জন করেন। সংসদীয় প্রথাকে অনুসরণ করা হয় না। এখানে কী করে উন্নত মানবাধিকার আশা করতে পারি। এখানে রাজনৈতিক দলগুলোর কোনো দায়বদ্ধতা নেই। নাগরিক সমাজের কথার কোনো গুরুত্ব্ব দেওয়া হচ্ছে না। মোট কথা, গণতন্ত্রের চর্চা প্রতিদিন প্রতিষ্ঠানে, পরিবারে, বিচার বিভাগে, নাগরিক সমাজে করতে হবে। গণতন্ত্রের প্রক্রিয়ার গুণগত পরিবর্তন হলে অন্যান্য বিষয়েও পরিবর্তন ঘটবে। আর তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রথম আলো: নারীর মানবাধিকারের পরিস্থিতি কী রকম? নারীর প্রতি বৈষম্য কি দূর হয়েছে?
আয়েশা খানম: যেখানে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি সংকটে, সেখানে এককভাবে নারীর মানবাধিকার পরিস্থিতি ভালো হতে পারে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নারীরা সংকটের মধ্যে রয়েছেন। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সাফল্য অর্জিত হলেও এবং সভ্যতার অনেক উন্নতি সত্ত্বেও রাষ্ট্র ও পরিবারে নারীর প্রতি বৈষম্য বিরাজমান। লিঙ্গীয় সমতা এখনো আকাঙ্ক্ষিত পর্যায়ে সর্বত্র সমানভাবে প্রয়োজন অনুযায়ী অর্জিত হয়নি। নারীর জীবনের মানবিক বিকাশ ও তার জীবনের নিরাপত্তা এখনো সংকটমুক্ত নয়। ঘরে, সমাজে, কর্মক্ষেত্রে, রাষ্ট্রে নারী দৈহিক, মানসিক ও অন্যান্য প্রকার নির্যাতনের শিকার। বর্তমান সময়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নারীকে মধ্যযুগে নিয়ে যাওয়ার পাঁয়তারা শুরু করেছে। যারা বলছে নারীর কাজ করার দরকার নেই, নারী ঘরেই থাকবে, স্বামীর সেবা করবে ইত্যাদি ইত্যাদি। যারা এ ধরনের কথা বলে তারা কখনোই সমাজের প্রগতিকে বিশ্বাস করে না। তাই আমাদের সবগুলো রাজনৈতিক দলের কর্তব্য হচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তাদের সঙ্গে নিয়ে গণতন্ত্র হবে না। আর নারীর মানবাধিকার প্রশ্নটি উপেক্ষিত হবে।
সমাজে এখনো পিতৃতন্ত্র আছে। পরিবারে, সমাজে, প্রতিষ্ঠানে, রাজনৈতিক দলে পিতৃতন্ত্রেরই জয়গান। সেখানে নারীর মর্যাদা প্রশ্নটি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত। এই পরিস্থিতিতে নারীর মানবাধিকার ব্যাহত হবেই। নারীর নিজস্ব আন্দোলন রয়েছে, নিজস্ব রাজনীতি রয়েছে। আমরা দাবি করে আসছি নির্বাচনে নারীর সরাসরি ভোটে নির্বাচন। একই সঙ্গে সংসদের এক-তৃতীয়াংশ সাংসদ হবেন নারীরা। শুধু হ্যাঁ ভোট দেওয়ার জন্যই যেন নারীদের রাখা না হয়। আমরা বলছি নারীকে সংরক্ষিত আসনে নয়, সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে।
প্রথম আলো: দেশে সিডও সনদের পূর্ণ অনুমোদন কি হয়েছে?
আয়েশা খানম: আমাদের দেশে সিডও সনদের অনুচ্ছেদ ২ ও ১৬-এর ১/ক সংরক্ষিত রেখে বাকিটা অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু অনেক দেশই এর পুরোটা অনুমোদন করে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আবার অনেক দেশ বাস্তবায়নও করেছে। তবে, আশার কথা হলো আমাদের দেশে সিডও সনদের অনেকগুলোই বাস্তবায়িত হয়েছে। নারীরা পুরুষের সঙ্গে সমানতালে কাজ করছেন। কূটনৈতিক পদ, কেবিনেটে নারীরা অংশগ্রহণ করছেন। আমরা মহিলা পরিষদ থেকে সিডও সনদপূর্ণ সনদ অনুমোদন ও বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আশা করি, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা আর আন্দোলনের মাধ্যমে সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন হবে। আর তার ফলে দেশে নারী নির্যাতন বন্ধ হবে। নারী তার পূর্ণ মর্যাদা আর অধিকার পাবে।
প্রথম আলো: নারীর অধিকার বাস্তবায়নে নারী সংগঠনগুলো কী ধরনের ভূমিকা রাখছে?
আয়েশা খানম: বাংলাদেশ মহিলা পরিষদসহ যেসব নারী সংগঠন রয়েছে, তারা দীর্ঘদিন ধরেই নারীর অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। বিভিন্নভাবে জনসচেতনতা বৃদ্ধি, নারীসমাজকে সংগঠিত করা, নীতিনির্ধারকদের সঙ্গে অ্যাডভোকেসি লবি, প্রশিক্ষণ প্রদান—এ ধরনের বহুমাত্রিক পদ্ধতিতে কাজ করছে। এ ছাড়া সেমিনার, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়েই এই সংগ্রাম অব্যাহত রয়েছে। আর তার ফলে বিভিন্ন ইস্যুতে সফলতাও এসেছে। সমাজে নারীর অবস্থান আগের চেয়ে উন্নত হয়েছে। উন্নতির এই ধারা অব্যাহত রাখতে হবে। আবার বাংলাদেশে প্রচলিত বৈষম্যমূলক আইনের সংস্কার ও নারীর মানবাধিকারের পক্ষে নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন আছে। কিন্তু সংকটের দিক হলো বাস্তবে আইনের যথাযথ প্রয়োগ। এ ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা ও জেন্ডার সংবেদনশীলতা আরও বাড়াতে হবে। অবশ্য মহিলা পরিষদ ধারাবাহিকভাবে এ কাজ করে আসছে। জাতিসংঘ সিডও কমিটিতে প্রথমে একক ও পরবর্তী সময়ে যৌথভাবে অনেক সংগঠন একত্রে লিখিতভাবে ছায়া প্রতিবেদন তৈরি করে পাঠিয়েছিল। সিডও বাস্তবায়নের আন্দোলনে বাংলাদেশ মহিলা পরিষদসহ বাংলাদেশের নারী ও মানবাধিকার আন্দোলনের রয়েছে বলিষ্ঠ ভূমিকা।
সাক্ষাৎকার নিয়েছেন: সুচিত্রা সরকার