গল্প ৯ এবারই প্রথম তাঁরা নামছেন বিশ্বকাপের মাঠে। শুনুন বাংলাদেশের নয় তরুণ ক্রিকেটারের উঠে আসার গল্প
‘রিয়াদ এখন গোটা বাংলাদেশের ছেলে’
তাদের এলাকার ছেলে রিয়াদ ভালো খেলবে আর বাংলাদেশ অসাধারণ কিছু করে দেখাবে—এই আশায় বুক বেঁধেছেন ময়মনসিংহের লাখো ক্রীড়ামোদী। শহরের সেহড়া এলাকার হিন্দুপল্লি রোডে রিয়াদের পৈতৃক বাড়ি। সেদিন দুপুরে রিয়াদদের বাড়িতে বসেই কথা হচ্ছিল মাহমুদউল্লাহ রিয়াদের বড় ভাই ব্যবসায়ী মো. আহসান উল্লাহর সঙ্গে। পরম মমতায় ছোট ভাইয়ের বিভিন্ন সময়ের অর্জিত পুরস্কারগুলো দেখাতে দেখাতে বলছিলেন রিয়াদের ছোটবেলার কথা, তিন ভাইয়ের মধ্যে রিয়াদ সবার ছোট। রিয়াদের জন্ম এ বাড়িতেই। রিয়াদের মা মোছা. আরাফাত বেগম মুঠোফোনে জানান, ‘খেলার আগের দিন থেকেই প্রচণ্ড মানসিক চাপে থাকি। খেলার সময় কোনো কাজ করি না, কেবল দোয়া করি। সব সময় আমার টেলিভিশনে খেলা দেখা হতো, এবার মাঠে খেলা দেখতে পারি। তবে ভয় হয় মাঠে খেলা দেখার দিন যদি ছেলের খেলা খারাপ হয়।’ তিনি আরও জানান, ‘রিয়াদ ছোটবেলা থেকেই বেশ বাধ্য ছিল। সময় চেয়ে নিয়ে খেলার সময় খেলত।’ রিয়াদের বাবা মো. ওবায়েদ উল্লাহ বলেন, ‘আমি সব সময় ছেলের খেলা দেখি। সে এবারও অনেক ভালো খেলবে বলে আমি বিশ্বাস করি। রিয়াদ এখন কেবল আমার ছেলে, এটা ভাবি না। রিয়াদ এখন গোটা বাংলাদেশের ছেলে।’মেজো ভাই মো. এমদাদ উল্লাহ বলছিলেন ফেলে আসা দিনের কথা, ‘আমাদের বাসার সামনে বেশ অনেকটা সীমানাপ্রাচীর ঘেরা জায়গা ছিল। যেখানে আমরা ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলতাম। রিয়াদ যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে তখন কাঠের বল দিয়ে সে বল করত। রিয়াদ ছোটবেলায় বেশ নাদুস-নুদুস ও খাটো ছিল। তাই সে সময় সে লেগ স্পিন বল করত। সার্কিট হাউস মাঠে সপ্তম শ্রেণীতে পড়ার সময় গুলকিবাড়ি ক্রীড়া চক্রের হয়ে প্রথম ডিভিশনের খেলায় ভালো করতে না পেরে পরে সে অফ স্পিন বল করা শুরু করে।’ তিনি বলেন, ‘ছোটবেলায় বাসার সীমানাপ্রাচীরে বল লাগলে বাউন্ডারি আর প্রাচীর টপকালেই ছক্কা হিসাব করে খেলা শিখেছে রিয়াদ। সেই রিয়াদ আজ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমি ছোটবেলা থেকেই ওকে পরামর্শ দিতাম। এখনো খেলার পর বাসায় রাতে খাবার টেবিলে একত্রে পরিবারের সবাই খেলার ভালো-মন্দ নিয়ে কথা বলি।’ রিয়াদ গত ২৫ জানুয়ারি বিয়ে করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী জান্নাতুল কাউসারকে। পরিবারের ইচ্ছে বিশ্বকাপ শেষে আগামী জুন-জুলাইয়ের কোনো এক সময় নতুন বউকে ঘরে তুলে আনবেন।ময়মনসিংহের বাসায় কথা বলার সময় বড় ভাইয়ের ছেলে আট বছরের ফারহান রাইয়ান বলে, ‘চাচ্চু বাড়িতে আসলে আমার সঙ্গে কুস্তি লড়ে। কিন্তু আমার সঙ্গে পারে না।’ রিয়াদ যখন বাড়িতে আসেন তখন পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটান। আর তাঁর জন্য পায়েস তৈরি থাকতেই হয়। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক কাজী আজাদ জাহান শামীম বলেন, ‘রিয়াদ বিশ্বকাপে ভালো খেলে দেশের সম্মান তথা ময়মনসিংহের ক্রীড়া ঐতিহ্যকে সবার সামনে তুলে আনবে, সে অপেক্ষায় আছি।’জাতীয় দলের সাবেক ক্রিকেটার ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাকির হাসান বলেন, ‘২০০২ সালের দিকে রিয়াদ আমাদের সঙ্গে খেলত। সে সময় ছোট ছেলেটির বোলিং দেখে আমরা অনুমান করতাম রিয়াদ একসময় খুব ভালো করবে। রিয়াদ চেষ্টা করে আজ অনেক বড় হয়েছে। সে যেখানে খেলবে সেখানেই ভালো করবে—আশা করছি, বিশ্বকাপে সে ভালো খেলবেই।’মাহমুদউল্লাহজন্মস্থানসেহড়া হিন্দুপল্লি, ময়মনসিংহজন্ম৪ ফেব্রুয়ারি ১৯৮৬মাআরাফাত বেগমবাবামো. ওবায়েদ উল্লাহ ব্যাটিংডানহাতি ব্যাটসম্যানবোলিংডান হাতি অফব্রেক