‘রুদ্র তোমার দারুণ দীপ্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রুদ্র দীপ্তিমান কবি ছিলেন। দারুণ দীপ্তিময় কাব্য-প্রতিভা দিয়ে উদ্দীপ্ত করে তোলেন তরুণ সমাজকে।’ জনপ্রিয় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্বণন আবৃত্তি সংগঠন আয়োজিত ‘রুদ্র তোমার দারুণ দীপ্তি’ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ২১ জুন বৃহস্পতিবার চেরাগি পাহাড়ের কদম মোবারক এম ওয়াই স্কুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বণন সভাপতি মোসতাক খন্দকার। অতিথি আলোচক ছিলেন কবি আবু মুসা চৌধুরী। বক্তারা বলেন, রুদ্র অন্যায়-অসংগতির বিরুদ্ধে রুদ্রই ছিলেন। রুদ্র কবিতাযাপন করতেন। ছন্দের কারিগর ছিলেন। তাঁরা বলেন, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সত্তরের এক প্রাণবান দেশপ্রেমিক প্রতিবাদী কবিকণ্ঠ। উনসত্তরের গণআন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী স্বপ্নভঙ্গ ইত্যাদি মিলিয়ে সত্তরের কবিদের কবিতায় দেশ-কাল-সমাজ ভাবনা ছিল উচ্চকিত। এই চেতনার অনুগামী হয়ে অস্তিত্বের প্রোজ্জ্বল ঘোষণা দেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। দারুণ দীপ্তিময় কাব্য-প্রতিভা দিয়ে উদ্দীপ্ত করে তোলেন তরুণ সমাজকে। নৈরাশ্য তাঁকে গ্রাস করেনি বরং নৈরাশ্যকে জয় করেছিলেন। আলোচনা পর্বে ক্বণনের সদস্য আবু হাছান মো. নাঈম লিখিত ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ: একজন শব্দশ্রমিকের গল্প’ প্রবন্ধ পাঠ করেন হিমাদ্রী রাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদস্য আবু হাছান মো. নাঈম, শিক্ষার্থী আবুল মনসুর।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি সন্ধ্যায় মোসতাক খন্দকারের গ্রন্থনা ও নির্দেশনায় ‘রুদ্র তোমার দারুণ দীপ্তি’ শীর্ষক বৃন্দ এবং একক আবৃত্তিতে অংশগ্রহণ করে হিমাদ্রী রাহা, রুম্মান মাহমুদ, সৌভিক চৌধুরী, শুক্লা ভট্টাচার্য, জুনায়েদ শাওকি, সাবিহা আফরিন, রাশেদুল ইসলাম, ইশরাত জাহান লিজা, মহিনউদ্দিন মিজান ও তৃষা সেন। রুদ্রের ‘ভাল আছি ভাল থেকো’ গানটি করে রাশেদুল ইসলাম। ক্বণনের এই রুদ্র সন্ধ্যায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মরণে একটি স্মরণপত্র প্রকাশিত হয়।