
হাটে পৌঁছাতেই কানে ভেসে এল করুণ সুর, ‘এ দুনিয়ার সবারই তো আছে ক্ষুধার জ্বালা/ একটুখানি দয়া করো, ও ভাই পয়সাওয়ালা!’
এগিয়ে যাই গায়ককে দেখতে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চানপুর হাটে সেদিন ছিল হাটবার। মানুষের ছোট জটলা ঠেলে দেখা মিলল গায়কের। দুই হাঁটুর মধ্যে কায়দা করে নিয়েছেন একটা টিনের কলসি। সেটাই তাঁর বাদ্যযন্ত্র। সাবলীলভাবে গেয়ে যাচ্ছেন একের পর এক গান।
‘নাম মো. মিজানুর রহমান।’½ গান থামিয়ে হকার যখন ওষুধ বিক্রিতে ব্যস্ত, তখনই গায়কের নাম জিজ্ঞেস করেছিলাম। তাঁর বাড়ি গোমস্তাপুরের নন্দলালপুর গ্রামে। এলাকার মানুষ ‘কলসি মিজান’ নামেই তাঁকে চেনে। মিজানুরের চোখে আলো নেই। ছোটবেলায় মা-বাবা হারানো দুনিয়াটা তাঁর আক্ষরিক অর্থেই অন্ধকার! ত্রিশের কোঠায় এসেও তাই এই যুবকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন গানের গলা। গান গেয়েই তিনি জীবন চালান।
মিজানুর রহমান ছোটবেলায় বাদাম বিক্রি শুরু করেন। ক্রেতা টানতে দাঁড়িপাল্লা-বাটখারা বাজিয়ে গান গাইতেন। এখন হাটে-বাজারে বিভিন্ন হকারের সঙ্গে গান করে বেড়ান কলসি বাজিয়ে। ওষুধ বিক্রির জন্য ক্রেতা আকর্ষণে হকাররা তাঁকে সামান্য টাকায় ভাড়া করেন। গানের সঙ্গে তাল মেলাতে অদ্ভুত সব জিনিসপত্র ব্যবহার করেন কেন? মিজানুরের সহজ স্বীকারোক্তি, ‘মানুষের দৃষ্টি আকর্ষণ করতে!’ শুধু হকারের সঙ্গেই নয়, এলাকায় বিয়ের অনুষ্ঠান হলেও তাঁর ডাক পড়ে।
লোকমুখে বা রেডিওতে গান শুনেই তিনি রপ্ত করেছেন সুবীর নন্দী, আবদুল আলীম, আব্দুল জব্বার, এন্ড্রু কিশোরসহ বিভিন্ন শিল্পীর গান। মুখস্থ গানের সংখ্যা জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘রেডিও শুনে ৭০০ গান মুখস্থ করছি।’ শুধু অন্যের গানই নয়, নিজের জীবনের করুণ কাহিনিও সুরে সুরে তুলে ধরেন তিনি!