নির্বাচিত হওয়ার তিন মাস পর গত বছরের ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নতুন মেয়র আ জ ম নাছির উদ্দীন। গত নয় মাসের কাজের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন মেয়র। সাক্ষাৎকার নিয়েছেন প্রণব বল ও সুজন ঘোষ
প্রথম আলো: সিটি করপোরেশন নির্বাচনের এক বছর পূর্তি হচ্ছে আজ। আপনার কাজের মূল্যায়ন করবেন কীভাবে?
মেয়র: নয় মাস আগে দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশনকে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পরিচালনা করার চেষ্টা করছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, গত নয় মাসে দায়িত্ব পালনের সময় চুল পরিমাণ অবহেলা করিনি। শতভাগ সেবার মানসিকতা নিয়ে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছি। সফলতা-ব্যর্থতার বিচারের ভার নগরবাসীর কাছে রইল।
প্রথম আলো: আপনার অন্যতম প্রধান প্রতিশ্রুতি জলাবদ্ধতা নিরসন নিয়ে পরিকল্পনা কী?
মেয়র: এই সমস্যা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করার চেষ্টা করছি। পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও সাংসদ জিয়াউদ্দিন বাবলুর সঙ্গে কথা বলেছি। চাক্তাই খালে স্লুইস গেট নির্মাণ করা হবে। মহেশখালে বন্দর কর্তৃপক্ষ একটি বাঁধ নির্মাণ করে দিয়েছে। খাল ও নালা–নর্দমা থেকে মাটি তোলার কাজ চলছে। অতীতে কোনো সময় এত মাটি উত্তোলন হয়নি। আশা করি গত বর্ষা মৌসুমের চেয়ে এবার একটি ভালো ফল পাব।
প্রথম আলো: শিক্ষাক্ষেত্রে বেতন বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদও হয়েছে। এ বিষয়ে কী বলবেন?
মেয়র: যুগের সঙ্গে তাল মিলিয়ে বেতন বাড়াতে হবে। সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় এখনো আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন অনেক কম। চট্টগ্রাম ছাড়া আর কোনো সিটি করপোরেশন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে না। অনেক কম বেতনে আমরা মানসম্পন্ন শিক্ষা দিচ্ছি। সরকার পে–স্কেল দিয়েছে। এখন সে অনুযায়ী বেতনও দিতে হচ্ছে। এই টাকাগুলো কোথা থেকে আসবে?
প্রথম আলো: করপোরেশনের আর্থিক সংকটের বর্তমান কী অবস্থা?
মেয়র: আমি যখন দায়িত্ব নিই, তখন সিটি করপোরেশনের প্রায় সাড়ে তিন শ কোটি টাকা দেনা ছিল। ইতিমধ্যে ঠিকাদারদের দেড় শ কোটি টাকা দেনা শোধ করেছি। এ জন্য সরকার থেকে অতিরিক্ত কোনো অনুদান পাইনি।
প্রথম আলো: প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে শুরুতেই সন্তুষ্ট ছিলেন না আপনি? এর মধ্যে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন?
মেয়র: এই প্রতিষ্ঠানে অনেক অনিয়ম ও দুর্নীতি ছিল। প্রশাসনিক শৃঙ্খলা একেবারেই অনুপস্থিত ছিল। আমি দায়িত্ব নিয়েই এসব বিষয় দ্রুত সমাধানে নজর দিয়েছি। ইতিমধ্যে প্রশাসনিক শৃঙ্খলাও ফিরিয়ে এনেছি। দলীয় বিবেচনা ও আঞ্চলিকতার ঊর্ধ্বে থেকে প্রশাসন পরিচালনা করছি।
প্রথম আলো: নগরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে কী পদক্ষেপ নিয়েছেন?
মেয়র: দায়িত্ব নেওয়ার সময় চট্টগ্রাম নগরের রাস্তাগুলো চলাচলের অনুপযোগী ছিল। একটি সড়কও ভালো অবস্থায় ছিল না। প্রাথমিকভাবে এসব সড়ক যান চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি। কিছুটা সফলতাও পেয়েছি। ২০১৮ সালের পর নগরে কোনো কাঁচা রাস্তা থাকবে না। এর মধ্যেই সব সড়ককে পিচঢালা করা হবে।
প্রথম আলো: সড়ক ও ফুটপাত হকারমুক্ত হবে কবে?
মেয়র: সড়কে কোনো হকার থাকতে পারবেন না। তাঁরা আগের মতো সারা দিন ফুটপাতে বসে ব্যবসাও করতে পারবেন না। রোজার ঈদের পর থেকে তাঁরা ফুটপাতের একটি নির্দিষ্ট অংশে বসে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন। ভ্রাম্যমাণ গাড়ি করে পণ্য নিয়ে আসবেন। সময় শেষ হলে গাড়ি নিয়ে চলে যাবেন।
প্রথম আলো: নগরের সব বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। আবার কি বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হবে?
মেয়র: এ ক্ষেত্রে আমি সফল। অনেকেই মনে করেছিলেন, বিলবোর্ড উচ্ছেদ করে আমি নিজের পছন্দের ব্যক্তিদের বিলবোর্ড স্থাপনের অনুমতি দেব। আশা করি এখন সবাই তার উত্তর পেয়েছেন।
প্রথম আলো: গত নয় মাসে গৃহকর আদায়ের হার মাত্র ৩০ শতাংশ। এই হার কি সন্তোষজনক মনে করছেন?
মেয়র: কর না দেওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। যাঁদের সামর্থ্য নেই, তাঁরা তো দেন না। যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরাও গৃহকর দিতে চান না। কর আদায়ের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি ছিল। এ অবস্থার পরিবর্তনের জন্য প্রচারণা শুরু করেছি। কয়েকটি ওয়ার্ডে কর পুনর্মূল্যায়নের কাজ চলছে।
প্রথম আলো: তবে গৃহকর বৃদ্ধির একটি অভিযোগ শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে?
মেয়র: আসলে গৃহকর নির্ধারণ করার এখতিয়ার সিটি করপোরেশনের নেই। সরকার নির্ধারিত কর আদায় করতে পারে সিটি করপোরেশন।
প্রথম আলো: যানজট নিরসন, পানি–সংকট সমাধান ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল আপনার ইশতেহারে। এখানে সিটি করপোরেশনের ভূমিকা কী?
মেয়র: এসব সিটি করপোরেশনের আওতায় পড়ে না। তারপরও নগরবাসী এগুলোর জন্য সিটি করপোরেশনকে দায়ী করে। তাই আমি কিছু উদ্যোগ নিয়েছি। রাস্তার মোড়গুলো থেকে কিছুটা দূরে যাত্রী ছাউনি স্থাপনের পরিকল্পনা নিয়েছি। এখানো ছাড়া অন্য কোথাও গণপরিবহন দাঁড়াতে পারবে না। এতে যানজট অনেকটাই নিরসন হবে।
প্রথম আলো: চট্টগ্রাম নগর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
মেয়র: চট্টগ্রামকে পরিকল্পিতভাবে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে নগরের বিভিন্ন এলাকায় ফোয়ারা ও ভাস্কর্য স্থাপন করা হবে। সড়কদ্বীপ ও বিভাজকগুলোকে সবুজে আচ্ছাদিত করা হবে। তিন বছরের মধ্যে পুরো শহরকে আলোকিত করব। গণশৌচাগারগুলোর মান উন্নত করা হবে। চট্টগ্রামকে একটি বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে চাই।