‘রোহিঙ্গাদের দিয়ে অশান্তি সৃষ্টির চক্রান্ত চলছে’
কক্সবাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের দিয়ে দেশে নতুন করে অশান্তি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন আন্দোলন কমিটি। তারা জানায়, এ নিয়ে উদ্বিগ্ন পর্যটন শহর কক্সবাজারের প্রায় ২৩ লাখ মানুষ। কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার জানান, কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বসবাসকারী চার লাখের বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গার সঙ্গে নতুন করে আরও কয়েক লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটিয়ে দেশের একটি স্বার্থান্বেষী মহল কক্সবাজারকে ‘রোহিঙ্গা রাজ্য’ বানানোর চক্রান্ত চালাচ্ছে। এই চক্রের সঙ্গে মিয়ানমারের কয়েকটি জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় কর্মরত কয়েকটি বিদেশি এনজিও রোহিঙ্গা অনুপ্রবেশ ও অশান্তি সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ইন্ধন জোগাচ্ছে। দেখা গেছে, ৮ জুন মিয়ানমারের আরাকান রাজ্যে মগ ও মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হলে এখানকার একটি স্বার্থান্বেষী মহল রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়ে আসার চক্রান্ত শুরু করে। এ নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন), রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন কমিটি, কক্সবাজার বাঁচাও আন্দোলনসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের দাবি জানিয়ে আসছে। সরকারও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের পক্ষে। কিন্তু তার পরও একটি মহল নানা গুজব ছড়িয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে বলে বিভিন্ন সংগঠনের নেতারা অভিযোগ করেন। সুজনের সভাপতি ও কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল বারী জানান, কক্সবাজারে বসবাসকারী চার লাখের বেশি রোহিঙ্গা স্থানীয়দের কাছে বিষফোড়া হিসেবে দেখা দিয়েছে। এখন নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে দেওয়া যায় না। তখন রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান জানান, রোহিঙ্গাদের অত্যাচার নির্যাতনে স্থানীয় লোকজন বেকায়দায় রয়েছেন। রোহিঙ্গারা এখন কোনো কোনো স্থানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে। আর স্থানীয় বাসিন্দারা হচ্ছেন সংখ্যালঘু। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তাপস রক্ষিত জানান, দেশের একটি মৌলবাদী রাজনৈতিক দল মিয়ানমারের জঙ্গিগোষ্ঠীকে লেলিয়ে দিয়ে আবার রোহিঙ্গা অনুপ্রবেশের চক্রান্ত করছে। উসকানিমূলক বক্তব্য দিয়ে পর্যটন শহরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে। কারাগারে ইসলামী ঐক্যজোটের সাত নেতা: ১৮ জুন দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ আটক করে জেলা ইসলামী ঐক্যজোটের সাত নেতাকে। তাঁরা এখন জেলা কারাগারে অবস্থান করছেন। এঁরা হলেন, টেকনাফের নীলা ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ আফসার উদ্দিন চৌধুরী, মুফতি এনামুল হক, আ হ ম নুরুল কবির হিলালী, আবদুল হক, রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের কাজী (বিবাহ রেজিস্ট্রার) মাওলানা এরশাদ উল্লাহ, আবুল মনজুর ও লিংকরোড এলাকার মুহুরীপাড়া মাদ্রাসার শিক্ষক আবু বক্কর ছিদ্দিক। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের ওপর হামলার জন্য উসকানিমূলক বক্তব্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, মিয়ানমারের রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতাসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বিতর্কিত সাত এনজিও: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে কর্মরত সাতটি বেসরকারি সংস্থাকে (এনজিও) মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ব্যাপারে নাক না গলাতে সতর্ক করে দিয়েছেন জেলা প্রশাসন। এনজিওগুলো হচ্ছে, এমএসএফ হল্যান্ড, এসিএফ, মুসলিম এইড, ভার্ক, আরটিআই, রিভ ও স্যাভ দ্য চিলড্রেন। জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী জানান, বিদেশি তহবিল নিয়ে এই সাতটি এনজিও কয়েক বছর ধরে উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিক্ষা, স্যানিটেশন ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। কিন্তু কতিপয় এনজিও কর্মকর্তা চিকিৎসার নাম দিয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তাই রোহিঙ্গাদের ব্যাপারে নাক না গলাতে কর্মকর্তাদের সতর্ক করা হয়। যদিও বৈঠকে তাঁরা এই অভিযোগ অস্বীকার করেছেন।