'র'বার যেটা সেটাই রবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণদের মনেও আছেন রবীন্দ্রনাথ। মডেল: কর্ণ ও সামির। ছবি: সুমন ইউসুফ
তরুণদের মনেও আছেন রবীন্দ্রনাথ। মডেল: কর্ণ ও সামির। ছবি: সুমন ইউসুফ

স্বয়ং রবীন্দ্রনাথই বলেছিলেন, ‘র’বার যেটা সেটাই রবে।’ একটা সময় ছিল, যখন রবীন্দ্রসংগীত গাওয়ার ওপর নানা রকমের কড়া বিধিনিষেধ ছিল। দেবব্রত বিশ্বাসের মতো রবীন্দ্রসংগীতশিল্পীর ভুল ধরে চিঠি দিয়েছিল বিশ্বভারতীর মিউজিক বোর্ড। চিঠির তারিখ ১৯৬৯ সালের ২৫ জুলাই। চিঠিতে বলা হয়েছিল, দেবব্রত বিশ্বাসের গাওয়া দুটি গান বাতিল করেছে বোর্ড। আর বাতিল করার কারণ? প্রয়োজনাতিরিক্ত যন্ত্রানুষঙ্গ ব্যবহার। যার ফলে গানের সংবেদন আর আবেগ ক্ষুণ্ন হয়েছে।
অবশ্য এখন ২০১৪ সালে এসে যাঁরা রবীন্দ্রনাথের গান আপন করে তাঁদের মতো করে গাইছেন, তাঁরা সৌভাগ্যবান। সেই বিধিনিষেধের দেয়াল উঠে গেছে। কি বাংলাদেশ, কি পশ্চিমবঙ্গ, কি নর্থ ক্যারোলাইনা—রবীন্দ্রনাথের গান এখন ছড়িয়ে পড়েছে মাটির বিশ্বে।
গানের দল শিরোনামহীন গেয়েছে রবীন্দ্রসংগীত। অ্যালবামও বের করেছে তারা। রবীন্দ্রনাথের গান গাওয়া নিয়ে কথা হয় শিরোনামহীনের অন্যতম সদস্য তুহিনের সঙ্গে। অনেকেই বলছেন, আপনারা রবীন্দ্রনাথের গানকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন? তুহিন বললেন, ‘রবীন্দ্রনাথের সুর ও বাণীকে ঠিক রেখেই গেয়েছি। যন্ত্রানুষঙ্গে হয়তো পরিবর্তন এসেছে। সময় বদলেছে, সাবেকি যন্ত্রানুষঙ্গের বদলে ব্যবহার করেছি আধুনিক ড্রাম, পারকাশনস। কিন্তু আমরা রবীন্দ্রনাথের সুর ও বাণী বদলাইনি।’ রবীন্দ্রসংগীত গাওয়ার প্রসঙ্গে বললেন, ‘কেউ কেউ অবশ্য বলেছেন যন্ত্রানুষঙ্গ একটু চড়া হয়ে গেছে।’
আপনারা সে ক্ষেত্রে সুর ও বাণী অবিকৃত রেখে যন্ত্রানুষঙ্গের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা করেছেন? তুহিন সায় দেন।
মার্কিন মুলুকে থাকেন রবীন্দ্রসংগীতশিল্পী শিমুল জামান। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘যেহেতু রবীন্দ্রনাথ কালোত্তীর্ণ ও সতত আধুনিক; আমার মনে হয় রবীন্দ্রনাথকে ব্রাত্যজনের কাছাকাছি নিতে হলে তাঁর গান নতুন মোড়কে উপস্থাপন করার প্রয়োজন অনস্বীকার্য।
শিমুলের সর্বশেষ অ্যালবাম ট্রায়োতে তিনি স্বরলিপির বাইরে না গিয়ে গায়কিতে প্রাণসঞ্চারের জন্য আবৃত্তি এনেছেন, ইংরেজি অনুবাদ এনেছেন, যোজনা করেছেন রাগাশ্রয়ী অ-বাংলা সংগীতও, অবশ্য সেটিরও উৎস রবীন্দ্রনাথ। তাঁর ‘ভানুসিংহের পদাবলী’।
সত্যিই বোধ হয় এ শহর আর সেই আগের শহর নেই। রবীন্দ্রনাথের সেই বর্ষাও হয়তো নেই। তবুও তো বর্ষা আসে, এ শহরে। শ্রাবণ আসে, আসে বাইশে শ্রাবণও। কিন্তু তরুণেরা কীভাবে নিয়েছেন এমন উদ্যোগ?

বাইশে শ্রাবণ
‘রবীন্দ্রনাথ তো সবার। আর আমি মনে করি রবীন্দ্রনাথ তরুণদের পক্ষেই,’ বলছিলেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিথি। তিথির বক্তব্য, ‘রবীন্দ্রনাথ আমার মনের সব কথাই যেন গানে লিখে গেছেন।’ আপনার কি মনে হয় রবীন্দ্রনাথের গান এত বছর পরেও তরুণদের টানছে? আর তরুণ প্রজন্মের গানের দল, অনেক তরুণই কিন্তু রবীন্দ্রসংগীত বা রবীন্দ্রনাথের গান একটু ভিন্নভাবে গেয়েছেন বা গাইছেন—শুনেছেন এমন গান? উত্তরে তিথি বলেন, ‘রবীন্দ্রনাথের বাণী-সুর বদলালে রবীন্দ্রসংগীতই তো আর থাকে না। তবে অনেকে ভিন্নভাবে গাইছেন, গেয়েছেন।’
ধানমন্ডির আসাদ গানের দল ক্ষ-এর গাওয়া আমার সোনার বাংলা শুনেছেন, শিরোনামহীনের গাওয়া রবীন্দ্রসংগীতও। ক্ষ-এর গাওয়া আমার সোনার বাংলা প্রসঙ্গে বললেন, ‘ভালো লেগেছে, একটু ভিন্নভাবে গাওয়া।’
তরুণেরা যাঁরা যন্ত্রানুষঙ্গের ভিন্নতায়, গায়কির স্বকীয়তায় রবীন্দ্রসংগীত গাইছেন একটু ভিন্নভাবে, তাঁদের এই প্রচেষ্টার বিষয়টিকে কীভাবে দেখছেন? এ প্রশ্নে বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ বলেন, ‘তরুণেরা নতুন কিছু করতে চাইবেন, এটা স্বাভাবিক। এ যে খুব নতুন কিছু, তা-ও নয়। আমাদের প্রজন্মে কিংবা তার আগেও এমন হয়েছে। অনেকে উচ্চাঙ্গসংগীতের সঙ্গে মিলিয়ে গাইতে চেয়েছেন। কিন্তু রবীন্দ্রসংগীত বাণীপ্রধান। রবীন্দ্রনাথ নিজে এর সুরারোপ করে গেছেন। যন্ত্রানুষঙ্গে, সুরে রবীন্দ্রনাথের বাণীর ক্ষতি না করে, সুর বিকৃত না করে করলে আপত্তির কিছু নেই। কিন্তু যদি তা বাণীর ক্ষতি করে, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। আর এখন কপিরাইট উঠে গিয়েছে, তরুণ কেউ যদি যন্ত্রানুষঙ্গের পরিবর্তন আনেন, ভালো। নতুনদের স্বাগত জানাই, কিন্তু সবার কাছেই বিনীত নিবেদন করছি, রবীন্দ্রনাথকে অশ্রদ্ধা করে নয়। রবীন্দ্রনাথকে যেন অশ্রদ্ধা না করি।’

তর্কে বহুদূর
বিশ্বভারতীর বিধিনিষেধ উঠলেও তর্ক থাকবেই। রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই ইন্দিরা দেবী চৌধুরাণী পিয়ানো বাজিয়ে বহু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। যন্ত্রানুষঙ্গের নতুনত্বে গেয়েছেন দেবব্রত বিশ্বাস। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন, ‘প্রথম ধাক্কাতেই মনে হয় ইউরোপীয় সংগীতের হারমনি আমাদের সংগীতে চলিবে না। কিন্তু তাহা ইউরোপীয় সংগীতে ব্যবহার করা হয় বলিয়াই কি একান্তভাবে ইউরোপীয়? ...অর্থাৎ মূল বিষয় হইল আমাদের গানে হারমনি ব্যবহার করিলে তার ছাঁদ স্বতন্ত্র হইবে। যৌবনের স্বাভাবিক সাহস যাহাদের আছে এবং লক্ষ্মীছাড়ার খ্যাপা হাওয়া যাহাদের গায়ে লাগিল, এই একটি আবিষ্কারে ক্ষেত্র তাহাদের সামনে পড়িয়া।’
আর এ লেখার শেষের কথাও তাঁরই, যা শুরুতে ছিল। রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘র’বার যেটা সেটাই রবে।’

তথ্যসূত্র
১. রবীন্দ্রনাথের গান ও অন্যান্য, সুভাষ চৌধুরী, ২. ব্রাত্যজনের রুদ্ধ সংগীত, দেবব্রত বিশ্বাস, ৩. জর্জ, বাসব দাশগুপ্ত, ৪. ব্যথাপথের পথিক, ঈশানী রায় চৌধুরী হাজরা