'লাকি গ্রাউন্ডে' এবার যুবাদের শুভ সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দলের বোলার মোহাম্মদ সাইফুদ্দিনের এমন উল্লাস করারই কথা। অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরুর ম্যাচে তিন উইকেট যে তাঁর ঝুলিতে! কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট শিকারের পর l শামসুল হক
বাংলাদেশ দলের বোলার মোহাম্মদ সাইফুদ্দিনের এমন উল্লাস করারই কথা। অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরুর ম্যাচে তিন উইকেট যে তাঁর ঝুলিতে! কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট শিকারের পর l শামসুল হক

‘বিশ্বকাপ শুরু তো আপনাদের উঠোনেই’—শুনে একগাল হাসলেন নাফিস ইকবাল। আক্ষরিক অর্থেই নাফিসদের উঠোনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ! এমএ আজিজ স্টেডিয়াম আর কাজীর দেউড়ির খান বাড়ির দূরত্ব কতটুকুই–বা।
অন্য দলের খেলা থাকলেও বাংলাদেশের কোনো ম্যাচ অবশ্য এমএ আজিজে নেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের যুব বিশ্বকাপ অভিযান। মেহেদী হাসান মিরাজের দল গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে কক্সবাজারে।
১২ বছর পর বাংলাদেশে আবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। তাও শুরু চট্টগ্রামে। স্বাভাবিকভাবেই ভালো লাগা কাজ করছে নাফিসের। তবে তাঁর কাছে এ টুর্নামেন্টের মাহাত্ম্য যে অন্য রকম। ২০০৪ যুব বিশ্বকাপে দুর্দান্ত খেলে ফের বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছিলেন চাটগাঁর এ ওপেনার। ৮ ম্যাচে ৩ ফিফটিতে ৫০.৮৩ গড়ে করেছিলেন ৩০৫ রান। এক যুগ আগের স্মৃতি মনে করতেই মুখটা উজ্জ্বল হয়ে উঠল নাফিসের, ‘সেবার ভালো করেছিলাম। ওই পারফরম্যান্স আমার ক্যারিয়ারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কারণ, বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে আবার জাতীয় দলে সুযোগ পেয়েছিলাম। আর আমি জীবনে সবচেয়ে বেশি উপভোগ করেছি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট।’
সেবার নাফিস দারুণ করলেও বাংলাদেশকে সন্তুষ্ট হতে হয়েছিল প্লেট চ্যাম্পিয়ন হয়ে। ফিরে আসতে হয়েছিল কোয়ার্টার ফাইনালের আগেই। কিন্তু দলীয় সাফল্যের বিচারে এগিয়ে তামিমদের দলটা। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ সম্ভাবনা নিয়েই গিয়েছিল মুশফিক-তামিম-সাকিবদের গড়া শক্তিশালী দল। তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভারত মহাসাগরে জলাঞ্জলি দিয়ে আসতে হয়েছিল বাংলাদেশকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখনো পর্যন্ত ওটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ১০ বছর আগের স্মৃতি আজও তাড়া করে ফেরে চট্টগ্রামের খান পরিবারের আরেক ক্রিকেটার তামিম ইকবালকে, ‘আমরা খুবই শক্তিশালী দল ছিলাম। দুর্ভাগ্য, ইংল্যান্ডের কাছে হেরে গেলাম।’
দর্শকদের প্রত্যাশা, এবার ২০০৬-এর সাফল্যকেও ছাড়িয়ে যাবেন মিরাজরা। কারণ, ঘরের মাঠে খেলা। প্রাথমিক গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। সাম্প্রতিক সাফল্য তো আছেই, খেলছেন গত বিশ্বকাপ খেলা পাঁচজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক দিন ধরে খেলোয়াড়েরা খেলছেন একসঙ্গে। বয়সভিত্তিক ক্রিকেটে এমনটি সাধারণত দেখা যায় না। খেলোয়াড়েরা হয় দারুণ পারফরম্যান্সে দ্রুতই জায়গা করে নেন ‘এ’ কিংবা জাতীয় দলে। কেউ–বা বয়স পেরিয়ে যাওয়ায় বয়সভিত্তিক এই দলটায় আর খেলার যোগ্যতা রাখেন না। তামিমও মানছেন, এগুলো কাজে লাগাতে পারলে ভালো কিছুই করবেন মিরাজরা, ‘বর্তমান দলটা খুবই শক্তিশালী। কারণ, ওরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। দারুণ কিছু খেলোয়াড় আছে দলে। আরও একটি জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, হোম কন্ডিশন। সবার সমর্থন পাবে। যেহেতু ঘরের মাঠে খেলা, মিডিয়া ও দর্শকের চাপ থাকবে। এটা মাথায় না নিলে ভালো কিছুই করবে।’
অধিনায়ক মিরাজ তো জানিয়েই রেখেছেন, দারুণ কিছু করে স্মরণীয় করে রাখতে চান বিশ্বকাপ। আর সে স্বপ্নযাত্রার শুরুটাও হলো অসাধারণ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছেন বাংলাদেশের যুবারা। ঘরের মাঠে ২০০৪ বিশ্বকাপেও এত ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। সেবার প্রথম ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছিলেন যুবারা। আর এবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হলো শুভ সূচনা। বুঝতেই পারছেন, কেন এ মাঠকে বলা হয় ‘লাকি গ্রাউন্ড’!