'লাল' গরুর কদর, দামও চড়া

কক্সবাজার সদরের খরুলিয়া বাজার। কোরবানির পশুর বড় বাজার এটি। এক হাটেই পশু বিক্রি হয় হাজারের ওপরে। ১৬ সেপ্টেম্বর ছিল হাটবার। হাটে প্রচুর গরু। প্রায় দুই ঘণ্টা হাটে অবস্থান করে দেখা গেছে ক্রেতাদের নজর ‘লাল’ গরুর দিকে। এসব গরুর দামও চড়া। তার পরও ক্রেতাদের ঝোঁক লালেই।
বিকেলে বাজার ঘুরে দেখা গেছে, হাজারো মানুষে গিজ গিজ করছে হাট। আনুমানিক চার মণ ওজনের বেশি লাল গরু বিক্রি হচ্ছে ১ থেকে ২ লাখ টাকায়।
পাঁচ মণ ওজনের একটি গরু কিনেছেন চট্টগ্রাম হালিশহরের ব্যবসায়ী গিয়াস উদ্দিন চৌধুরী। এরপর তিনি গরুটি একটি পিকআপে তুলে চট্টগ্রামের দিকে রওনা দেন। দাম কত জানতে চাইলে গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘বলা যাবে না। কারণ এটা কোরবানির জন্য কেনা গরু।’
পরে গরুর মালিক ঈদগাহ এলাকার কৃষক মনির আহমদ জানান, গরু বিক্রি করেছেন ১ লাখ ৫৫ হাজার টাকায়। লাল রঙের মোটা এই গরুটি দেখতে সুন্দর বলে চড়া দামে বিক্রি হয়েছে।
একই সময় এই বাজারে বিক্রি হয়েছে ১২টির বেশি লাল গরু। এক একটির ওজন চার থেকে সাত মণ।
পশু বিক্রেতারা জানান, লাল গরুগুলো তারা টেকনাফ থেকে এখানে এনে বিক্রি করছেন। টেকনাফে গরু আসে মিয়ানমার থেকে।
একই দিন পাশের ঈদগাহ বাজার ঘুরেও দেখা গেছে একই চিত্র। কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য এই হাটে আনা হয়েছে পাঁচ শতাধিক লাল গরু।
স্থানীয় পশু ব্যবসায়ী গোলাম বারী জানান, ‘এখানকার হাটবাজারে ভারতের গরু বিক্রি হয় না। স্থানীয় গরুর দিকে মানুষের নজর বেশি। দাম বেশি হলেও লোকজন লাল ও সুন্দর গরু পছন্দ করছেন।’
স্থানীয় চাষি সৈয়দ করিম জানান, চার মণ ওজনের একটি গরু তিনি বিক্রি করেছেন ১ লাখ ৩ হাজার টাকায়। সাত মাস আগে তিনি গরুটি কিনেছেন ৫৫ হাজার টাকায়। লালন–পালনের খরচ বাদ দিয়ে গরুর বিপরীতে তাঁর লাভ ৩৪ হাজার টাকা।
১৪ সেপ্টেম্বর উখিয়া সদর, মরিচ্যা, পালংখালী কোরবানির হাট ঘুরে দেখা গেছে, পশু বিক্রি জমজমাট।
পালংখালীর পশু ব্যবসায়ী আবদুল মালেক বলেন, ‘এখানকার ৮০ শতাংশ গরু মিয়ানমারের। বাকিগুলো গৃহপালিত। ভারতীয় গরু এখানে নেই।’
মরিচ্যা বাজারের ব্যবসায়ী কবির আহমদ বলেন, লাখ টাকায় বড় গরু বিক্রি হলেও দেড় থেকে দুই মণ ওজনের ছোট গরু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকায়। যা গত বছরের তুলনায় অনেক কম।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, উখিয়া ও টেকনাফের ১২টির বেশি হাটবাজারে মিয়ানমারের পশু বিক্রি হলেও এসব বৈধপথে আনা। তা ছাড়া পুলিশ হাটবাজার ঘুরে চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করছে।
স্থানীয় সূত্র জানায়, টেকনাফ, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালীসহ জেলার বিভিন্ন স্থানে অন্তত ৪৩টি কোরবানির পশুর হাট বসছে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এসব হাটে পশু বিক্রি চলবে।
এদিকে টেকনাফের শাহপরীর দ্বীপে গিয়ে দেখা যায়, নৌকা বোঝাই করে মিয়ানমারের পশু আসছে শাহপরীর দ্বীপ করিডরে। তারপর সেই পশু বিক্রির জন্য তোলা হচ্ছে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়, সাবরাং, শাহপরীর দ্বীপ ও নয়াপাড়া স্কুল মাঠে।
শাহপরীর দ্বীপ করিডর পশু ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম জানান, চলতি সেপ্টেম্বর মাসে প্রথম ১৬ দিনে এই করিডর দিয়ে আনা হয়েছে মিয়ানমারের দুই হাজার ৮০০টি গরু ও মহিষ। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আরও কয়েক হাজার পশু আনার চেষ্টা চলছে। করিডর দিয়ে গরু ও মহিষ আমদানি করলে সরকারকে ৫০০ টাকা করে রাজস্ব পরিশোধ করতে হয়।
টেকনাফ কাস্টমস সুপার এ কে এম হুমায়ুন কবির বলেন, ‘কোরবানিকে সামনে রেখে মিয়ানমার থেকে পশু আনতে আমরা স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করছি। এতে দেশের মানুষ লাভবান হচ্ছে।’