‘লেহাপড়া শিইখ্যা অহন মানুষ হইতে অইব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোবাইলে খবর দিছে বইল্লা রক্ষা অইছে। নাইলে ইটভাটার কুটিরেই পইড়া থাকতাম। ওইহানে বড়ই পরিশ্রম। সারা দিন খাটাখাটুনি। কাম না করলে মারধর। বাব-মারে দেখতাম না। র‌্যাব আমাগোরে মুক্ত করছে। অহন জামালপুর গিয়া আবার স্কুলে ভর্তি হমু। লেহাপড়া শিইখ্যা অহন মানুষ হইতে অইব।’গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরতলির র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলছিল জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার গাবের গ্রামের বাসিন্দা আমিনুর রহমানের ছেলে খাইরুল আলম (১২)। খাইরুল চতুর্থ শ্রেণীর ছাত্র। ১৬ ফেব্রুয়ারি সকাল আটটায় র‌্যাব সদস্যরা কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পিএমখালী এলাকার বিএসি ইটভাটা থেকে বন্দী অবস্থায় খাইরুলসহ ২৩ শিশুকে উদ্ধার করেন। সব শিশুর বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। আমিনুর রহমান (৪৭) জানান, প্রায় এক মাস আগে ইদ্রিস নামের এক ব্যক্তি ফুঁসলিয়ে তাঁর স্কুলপড়ুয়া শিশু খাইরুলকে কক্সবাজার এনে ইটভাটা মালিকের কাছে ২০ হাজার টাকার বিনিময়ে শ্রমিক হিসেবে বিক্রি করে পালিয়ে যায়। জামালপুরের বাসিন্দা বাদশা প্রামাণিক (৫০) জানান, তাঁর স্কুলপড়ুয়া নয় বছরে ছেলে রাশেদুলকেও ফুঁসলিয়ে এই ইটভাটায় এনে বিক্রি করা হয়েছিল। মামলার বাদী আমিনুর রহমান জানান, কয়েক দিন আগে খাইরুল কৌশলে মুঠোফোনে এই ইটভাটায় আটকে রাখার খবরটি জানালে তাঁরা কক্সবাজার ছুটে আসেন এবং র‌্যাব সদস্যদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালান।বন্দিদশা থেকে মুক্তি পেয়ে মহাখুশি গাবের গ্রামের মাজেদ মিয়ার ছেলে আরিফ মিয়া (১২)। আরিফ বলে, ‘গ্রামে গিয়া আবার লেহাপড়া শুরু করুম।’ একই কথা ওই গ্রামের মিজানুর রহমান (১৩), বাবু মিয়া (১১), আনোয়ার (১৬), রফিক আহমদ (১৫) ও আল আমিনের (১৩) মুখেও।বাবু মিয়া ও আনোয়ার জানায়, ইটভাটার পাশে ছোট্ট একটি ঘরে তাদের তালাবদ্ধ করে রাখা হতো। ঠিকমতো খেতে দেওয়া হতো না। সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ইটভাটায় জ্বালানি কাঠ সরবরাহ করতে হতো। কাঁচা ইট সারিবদ্ধ করে রাখতে হতো। ক্ষুধার জালায় কান্নাকাটি করলে বেদম মারধর করত। সারা দিন পাহারা দিয়ে রাখত, যাতে কেউ পালাতে না পারে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, ‘গত শুক্রবার ভোরে উদ্ধার করা শিশুদের জামালপুরে এবং আটক ভাটামালিকসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।’ইটভাটার মালিক হাজি আবদুল শুক্কুর শিশুদের বন্দী করে রাখা এবং নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, ‘মাথাপিছু ২০ হাজার টাকা করে নিয়ে কয়েকজন দালাল এই শিশুদের শ্রমিক হিসেবে কাজ করতে রেখে যায়। ইতিমধ্যে সব টাকাও পরিশোধ করা হয়।’