‘লোকসমাজের ভেতরের ছবিটা ধরতে চেয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার লোকসাহিত্য: সমাজ ও সংস্কৃতি বইয়ের জন্য এ বছর মধুসূদন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন গবেষক অধ্যাপক মাহবুবুল হক। গতিধারা প্রকাশনী থেকে ২০১০ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে বইটি। প্রথম আলোর পক্ষ থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন আহমেদ মুনির।এই বই লেখার পটভূমি বলুন।মাহবুবুল হক: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষা নামের ১২ খণ্ডের গ্রন্থমালা প্রকাশ করেছে। ষষ্ঠ খণ্ড ছিল ভাষা ও সাহিত্য। এ খণ্ডে লোকসংস্কৃতি বিষয়ে একটি অধ্যায় ছিল আমার লেখা। সেটা খুব ছোট ও আংশিক ছিল। পাঠকের প্রত্যাশা মেটাতে এ বিষয়ে পূর্ণাঙ্গ একটা বই লিখতে হয়েছে।বইটি সম্পর্কে বলুন।মাহবুবুল হক: লোকজ ছড়া, ধাঁধা, প্রবাদ-প্রবচন, কাহিনি, গীতিকা ইত্যাদিতে বাঙালির জীবনযাত্রা, সমাজ ও সংস্কৃতির পরিচয় কীভাবে ফুটে উঠেছে তা দেখতে চেয়েছি। বাঙালির আবহমান জীবন সম্পর্কে ধারণা পাওয়া যাবে বইটি পড়লে?মাহবুবুল হক: বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, সামাজিক-অর্থনৈতিক বিবরণ, দৈনন্দিন জীবন, আচার- অনুষ্ঠান, জন্ম-মৃত্যু-বিয়ে, খাদ্যাভ্যাস, যাতায়াত, সামাজিক স্তর বিন্যাস ইত্যাদি সব কিছু সম্পর্কে ধারণা পাওয়া যাবে।এ উপাদানগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? মাহবুবুল হক: পূর্ব বাংলার যশোর, খুলনা, ঢাকা, রাজশাহী ও পশ্চিমবঙ্গ থেকে এসব লোকসাহিত্য সংগ্রহ করেছি। এ গবেষণায় বিশেষ কোনো দিক উন্মোচিত হয়েছে?মাহবুবুল হক: বাঙালির সমাজ ছিল কর্মময়, কৃষি নির্ভর। এ ছাড়া সমাজে নারীদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। একটা ছড়া আছে যেখানে মায়ের খুব প্রশংসা আছে। কিন্তু বাবার উল্লেখ নেই। এ থেকে বোঝা যায় সমাজে মেয়েদের প্রভাব ছিল। দুই বাংলায় এ ধরনের কাজ কী এর আগে হয়েছে?মাহবুবুল হক: পৃথকভাবে কেউ কেউ ছড়া, গীতিকা নিয়ে কাজ করেছেন। কিন্তু গবেষণার দৃষ্টিভঙ্গি থেকে পূর্ণাঙ্গ লোকসাহিত্য নিয়ে এভাবে কাজ হয়নি। আমি লোকসাহিত্যের উপাদান থেকে লোকসমাজের সামগ্রিক ছবিটা খুঁজে বের করার চেষ্টা করেছি। এখন কী নিয়ে কাজ করছেন?মাহবুবুল হক: বর্তমানে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ তৈরির কাজ করছি। দুই বাংলার প্রখ্যাত লেখক ও সম্পাদকদের নিয়ে কমিটি করা হয়েছে। আমি কোর কমিটির প্রধান হিসেবে কাজ করছি।