‘লোহাখোর’ ছবির বিষয়-আশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সে অনেক কাল আগের কথা, বঙ্গোপসাগরের তীরে এক গ্রাম, শীতলপুর। ষাটের দশকে সামুদ্রিক ঝড়ে অতিকায় জাহাজ ভেসে এল চট্টগ্রামের উপকূলে। লোহার দৈত্যের দেখা পেয়ে অবাক গ্রামের ছেলেবুড়োরা। অবশেষে পিঁপড়ার মতো ক্ষুদ্র মানুষেরা বিশাল জাহাজটা কেটে বিক্রি করে খায়। নির্মাতার কণ্ঠে এ ধরনের ধারা বর্ণনা দিয়ে শুরু হয় লোহাখোর ছবিটি। জাহাজকাটা শ্রমিক আর ইয়ার্ডমালিক কর্মকর্তাদের নিয়ে তথ্যচিত্রটির নির্মাতা শাহীন দিল-রিয়াজ, চিত্রগ্রহণও করেছেন এই প্রবাসী নির্মাতা নিজে।ক্ষুধা এক সিন্দাবাদের ভূত। খলিল, জাফর, নূর-নবী, এরশাদুলরা মঙ্গাপীড়িত উত্তরবঙ্গ থেকে তাই সমুদ্র উপকূলে যাত্রা করেছে। এই সিন্দাবাদেরা ময়ূরপঙ্খী সাজিয়ে সমুদ্র-বাণিজ্যে যায় না, পেটের টানে জাহাজ ভাঙে, শরীর ভাঙে, মন ভাঙে; কখনো বা প্রাণটাই খোয়া যায় দুর্ঘটনায়। তবু গন্তব্য শিপব্রেকিং ইয়ার্ড। দুনিয়ার সব বুড়ো জাহাজের ভাগাড় হয়েছে এই ইয়ার্ড। এই জাহাজ কেটে খায় অনেক লোক। খুদে মানুষেরা কি বিশাল জাহাজ টেনে আনছে প্যাক-কাদায়, কাঁধে চড়ে বসে গ্যাসবার্নারে টুকরো টুকরো করে ফেলছে, জাহাজের শরীর থেকে একটা বিশাল অংশ ভেঙে ছুড়ে দিচ্ছে উপকূলের জলে; নির্মাতা দিল-রিয়াজ গভীর মমতায় এসব শ্রমিকের মুখের ছবি তুলেছেন আর মনের আকাঙ্ক্ষার বয়ান ধারণ করেছেন। বিশাল লৌহপিণ্ড টেনে আনতে ভারসাম্য রাখতে পারছে না, খেতে না পাওয়া শরীরে তত বল কই, তাই গানের সুরে, শরীরের ছন্দে, প্রাণের টানে সারি সারি মানুষগুলো অসম্ভবকে সম্ভব করে তুলছে... ‘গৗর সুলতানা, হেইয়ো... হায় রূপবান, হেইয়ো... ’চট্টগ্রামের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ডের জাহাজভাঙার শ্রমিক, কেবল পুলার, প্লেট ক্যারিয়ার, ওয়েল্ডার, কনট্রাক্টর-ফোরম্যান, ব্রেকিয়ার্ড ওনারদের সঙ্গে কথোপকথন ও দৈনন্দিন ঘটনাবলির বিবরণ হাজির করে চলচ্চিত্রকার এই শিল্পের একটি পূর্ণাঙ্গ চেহারা দেওয়ার চেষ্টা করেছেন। উত্তরবঙ্গ থেকে আসা ওই শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ৮৮ টাকা। শ্রমিক-মালিক সম্পর্ক, ঘটনা-দুর্ঘটনা, অবসর, ফেলে আসা গ্রামের স্মৃতি, প্রিয়জনের কথামালা, কিংবা স্বপ্ন-আকাঙ্ক্ষার কথা। আবার মালিক পক্ষ কী করে বিদেশ থেকে জাহাঙ কিনে এনে নোঙর করায় বা স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাও নির্দেশিত হয়েছে। এসেছে বিষাক্ত পানি-গ্যাসের কথা, অ্যাক্সিডেন্টের কথা, তার ছিঁড়ে দুর্ঘটনা কিংবা বিস্ফোরণে দৃশ্যায়ন। এই জাহাজভাঙা শিল্প যেমন প্রায় বছর ২০-২৫ ধরে আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে, তেমনি বাড়িয়েছে পরিবেশদূষণ। জাহাজের বর্জ্য, দূষিত কেমিক্যাল, বিষাক্ত গ্যাস ইয়ার্ড এলাকার পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনভুক্ত ৩২টি ইয়ার্ডের মধ্যে ভালো বলে কথিত যে পিএইচপি আন্তর্জাতিক উত্সবে পুরস্কুত এই ছবিতে তার অবস্থা দেখলেই অন্যগুলোর সম্পর্কে আঁচ করা যায়। সিলিন্ডার বিস্ফোরণ, আগুন-লোহার আঘাতে, বিষাক্ত গ্যাসে কত মানুষ বিকলাঙ্গ হয় বা মারা যায় তার কোনো চিত্র এ ছবিতে নেই। তবে আমরা শ্রমিকদের মুখেই জানতে পাই, এ রকম ঘটনা হামেশাই ঘটছে। ক্ষোভের সঙ্গে বলতে শুনি মালিকের অর্থ লোলুপতা। চলচ্চিত্রকার পরম যত্নে দিন, রাত্রি, কখনো বৃষ্টির মধ্যে ছবি তুলেছেন। সন্ধ্যার আকাশের নিচে গ্যাসবার্নারের ফুলকি কিংবা বিশাল জাহাজের গলুইয়ে পিলপিল করে উঠে যাওয়া শ্রমিকেরা কিংবা আর লৌহখণ্ডের সঙ্গে সারি সারি মানুষের যুদ্ধ সুন্দর চিত্রায়ণ করেছেন শাহীন। এই সৌন্দর্য শ্রমের, এই সৌন্দর্য কাব্যিক। কিন্তু তার পরও যদি প্রাপ্য মজুরিটুকু সময়মতো না পান তাহলে খলিল জাফর এরশাদুলরা ক্ষোভে ফেটে পড়বেন সেটাই স্বাভাবিক আর কাজে ফিরবেন না—এই তাঁদের পণ। তাঁদের অনেকেই ধান কাটার মৌসুমে বাড়ি চলে যান, আবার ফিরেও আসেন জানালেন ফোরম্যান। ঘুরছে চাকা, জাহাজ টানার মেশিন। এক গোপন সুতায় বাঁধা এই জীবনচক্র। উদরচক্র।