'শক্তি নেই কিন্তু দায়িত্ব অনেক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনকি মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যান আর বন্ধুর বাড়ির ছাদে বসে সিসাও টানেন কায়রোর এই স্পাইডারম্যান। ছবি: হোসাম আতিফ/দ্য গার্ডিয়ান
এমনকি মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যান আর বন্ধুর বাড়ির ছাদে বসে সিসাও টানেন কায়রোর এই স্পাইডারম্যান। ছবি: হোসাম আতিফ/দ্য গার্ডিয়ান

২০১৩ সাল। আরব বসন্ত আর তাহরির স্কয়ারের প্রবল রাজনৈতিক উত্তাপ তখনো মিলিয়ে যায়নি। নতুন সমাজ, নতুন জীবনের স্বপ্নের হাতছানি তখনো কায়রোর তরুণদের চোখে-মুখে। কিন্তু চারদিকে কেবলই হতাশা। স্বপ্নভঙ্গের বেদনা তো আছেই, তার ওপর আছে নগরজীবনে টিকে থাকার প্রতিদিনের সংগ্রাম। কায়রোর দুই তরুণ আতিফ সাদ ও হোসাম আতিফ ‘স্পাইডারম্যান’-কে নিয়ে এসে এ বিষয়ে কায়রোবাসীর নজর ফেরানোর চেষ্টা করলেন। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে সেই গল্প তুলে ধরেছে।

রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে তো কথাই নেই। এমনিতেই নগরজীবনের প্রতিদিনের ঝক্কি-ঝামেলা মোকাবিলা করা কী সহজ কথা! আর তাও সেটা যদি হয় বিপুল জনসংখ্যার চাপে পিষ্ট এবং বাজে পরিবহনব্যবস্থার কোনো নগর। বিত্তশালীরা গা বাঁচিয়ে চলতে পারলেও সাধারণ মানুষের যেন সুপারহিরো হওয়া ছাড়া কোনো উপায়ই নেই এমন নগরে টিকে থাকার। এমনটাই মনে করেন কায়রোর একটা ইতালীয় রেস্তোরাঁর শেফ ২১ বছর বয়সী আতিফ সাদ ও তাঁর আলোকচিত্রী বন্ধু ২০ বছর বয়সী হোসাম আতিফ।

এ দুই তরুণ অভিনব এক উপস্থাপনার মধ্য দিয়ে কায়রোর নগরজীবনের দুর্দশা ফুটিয়ে তুলতে শুরু করলেন। একটা আলোকচিত্র প্রকল্পের অংশ হিসেবে আতিফ সাদ সুপারম্যান সেজে ঘুরে বেড়ালেন কায়রোর মেট্রোতে, রেস্তোরাঁয়, পথে-ঘাটে, বিপণিবিতানে। এক সপ্তাহ ধরে চলা এই পারফরম্যান্স আর্ট কায়রোবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আতিফ সাদ ও হোসাম আতিফ সবাইকে মনে করিয়ে দেন ঠিক গত বছরই বসবাসযোগ্যতার বিচারে বিশ্বের ১৪০টি নগরের মধ্যে ১২২তম হয়েছিল। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোসহ বেশ কিছু বিবেচনায় বাসযোগ্যতার এই মান বিচার করা হয়।

বসার সিট না পেলে মেট্রোর ছাদ থেকে পোল ধরে ঝুলে থাকেন উল্টো হয়ে। দৌড়ে গিয়ে উঠে পড়েন বাসের দরজায়। ছবি: হোসাম আতিফ/দ্য গার্ডিয়ান
বসার সিট না পেলে মেট্রোর ছাদ থেকে পোল ধরে ঝুলে থাকেন উল্টো হয়ে। দৌড়ে গিয়ে উঠে পড়েন বাসের দরজায়। ছবি: হোসাম আতিফ/দ্য গার্ডিয়ান

নাগরিকদের প্রাত্যহিক জীবনের আটপৌরে দৃশ্যগুলোকেই ফুটিয়ে তোলেন শেফ থেকে স্পাইডারম্যান বনে যাওয়া আতিফ সাদ। কাপড়চোপড় নিয়ে লন্ড্রির লাইনে দাঁড়িয়ে থাকেন তিনি। বসার সিট না পেলে মেট্রোর ছাদ থেকে পোল ধরে ঝুলে থাকেন উল্টো হয়ে। দৌড়ে গিয়ে উঠে পড়েন বাসের দরজায়। আর কোনো গাড়িতেই উঠতে না পারলে ট্যাক্সির ছাদের ওপর চড়ে বসে পার হয়ে যান নীল নদের সেতু। এমনকি মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যান আর বন্ধুর বাড়ির ছাদে বসে সিসাও টানেন কায়রোর এই স্পাইডারম্যান।


আতিফ সাদ ও হোসাম আতিফের এই স্পাইডারম্যান পারফরম্যান্স আর্ট এবং আলোকচিত্র প্রকল্প কায়রোবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাচ্চারা এই স্পাইডারম্যানকে দেখে খুশি হয়েছে আর বলেছে, ‘সিনেমার মতো করে উড়ে যাও।’ বড়রা কেউ কেউ ডেকে পানীয় খাইয়েছেন, তবে তাঁরা ভেবেছেন এই স্পাইডারম্যানকে প্রেসিডেন্ট আবদেল ফাতাহ সিসি পাঠিয়েছেন নজরদারি করতে। পুলিশ অফিসাররাও এই দুই বন্ধুকে আটকে বারবার পরিচয়পত্র চেয়েছে, তবে সব শুনে হাসতে হাসতে ছেড়ে দিয়েছে। আর কেন ব্যাটম্যান বা সুপারম্যান না এমন প্রশ্নের জবাবে আতিফ জানিয়েছেন, স্পাইডারম্যানের পোশাকটাই সবচেয়ে সস্তা।

নাগরিকদের প্রাত্যহিক জীবনের আটপৌরে দৃশ্যগুলোকেই ফুটিয়ে তোলেন শেফ থেকে স্পাইডারম্যান বনে যাওয়া আতিফ সাদ। ছবি: হোসাম আতিফ/দ্য গার্ডিয়ান
নাগরিকদের প্রাত্যহিক জীবনের আটপৌরে দৃশ্যগুলোকেই ফুটিয়ে তোলেন শেফ থেকে স্পাইডারম্যান বনে যাওয়া আতিফ সাদ। ছবি: হোসাম আতিফ/দ্য গার্ডিয়ান

দ্য গার্ডিয়ানকে আতিফ সাদ বলেন, ‘কায়রোর স্পাইডারম্যানের শক্তি নেই, কিন্তু অনেক দায়িত্ব আছে।’ আতিফ বলেন, ‘আমি মনে করি আমরা কেউই আমাদের দৈনন্দিন জীবনকে সামলাতে পারি না, এমনকি সুপারহিরোরাও তা পারে না।’ তিনি আরও বলেন, ‘কায়রো এক​টি অতিরিক্ত জনবহুল নগর। এখানকার গাড়ি-ঘোড়া আর গণপরিবহনব্যবস্থা ভয়ংকর। তা সে যে সকাল-বিকেলের ভিড়ের সময়ই হোক কিংবা যখনই হোক। ঘন ঘন বিদ্যুৎ​ চলে যাওয়া থেকে শুরু করে সবকিছু মিলে এখানে বাস করা আসলেই খুব কঠিন। কিন্তু আমরা তা-ই করে যাচ্ছি। এ কারণেই মিসরীয়রা সুপারহিরো।’