‘শঙ্খ দেয়াং’ সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদী তীরের দেয়াং পাহাড়েই ছিল চট্টগ্রামের আদি রাজধানী। এর দক্ষিণ-পূর্বে মিয়ানমার সীমান্ত পর্যন্ত বিস্তৃত শঙ্খ নদের দুই তীরে বহু সংস্কৃতির মানুষের বসবাস। বর্মি, চাকমা ও বাঙালিরা এই জনপদে স্মরণাতীতকাল থেকে একসঙ্গে বসবাস করছে। এসেছে আরব, পর্তুগিজ ও ইংরেজরা। চট্টগ্রামের সংস্কৃতিতে এর ছাপ রয়ে গেছে আজও। তাই এখানকার মানুষের লোককথা, আচার অনুষ্ঠান দেশের অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে একেবারেই আলাদা। ‘শঙ্খ দেয়াং চিটাগাং আর্টস ফেস্টিভ্যাল’-এ আসা দর্শকেরা ঐতিহাসিক এই সত্য আরও একবার উপলব্ধি করলেন।এ কে খান ফাউন্ডেশনের সহযোগিতায় দুই দিনব্যাপী ভিন্ন ধারার এই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। ডিসি হিলের মুক্তমঞ্চে এই উৎসব উপভোগ করতে হাজির হয়েছিলেন হাজারো মানুষ। পালাগান, নাটক, লোকগীতি, ঢোলবাদন শুনলেন ও দেখলেন তাঁরা মুগ্ধ হয়ে। তবে দুই দিনের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল গীতিনাট্য আমিনা সোন্দরী। সপ্তদশ শতকে রচিত পালাগান নছর মালুম অবলম্বনে এই গীতিনাট্যটি রচনা করেছিলেন প্রয়াত সুচরিত চৌধুরী।মধ্যযুগে চট্টগ্রামবাসীর জীবনচিত্র গীতিনাট্যে উঠে এসেছে। বর্মি, চাটগাইয়া ও পর্তুগিজ চরিত্রের দেখা মেলে এই আখ্যানে। এই নাটকের মূল পুরুষ-চরিত্র নছর গ্রিক আখ্যানের নায়ক ইউলিসিসের মতোই ভাগ্যবিড়ম্বিত। বিদেশে বাণিজ্য করতে গিয়ে নছর বিচ্ছিন্ন হয়ে পড়েন তাঁর নববিবাহিত স্ত্রী আমিনা সোন্দরী থেকে। মূলত স্বামীর প্রতি আমিনার অকৃত্রিম ভালোবাসা এই নাটকের মূল উপজীব্য। এ ছাড়া দুদিনের এই আয়োজনে দর্শককে মুগ্ধ করেছে চট্টগ্রামের আঞ্চলিক ও আদিবাসী গান। গত শনিবার চাকমা কবিগানের মধ্য দিয়ে সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হয়। পরিবেশিত হয় বম সম্প্রদায়ের লোকজ প্রেমের গান। খাগড়াছড়ি থেকে আসা ত্রিপুরা আদিবাসী গোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন নাচ। গত শুক্রবার বিকেলে ডিসি হিল প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক আবুল মোমেন এবং এ কে খান পরিবারের সদস্য লতিফা সিদ্দিকী প্রমুখ। এর আগে শুক্রবার বাবুল জলদাশ এবং তাঁর দলের শিল্পীদের ঢোলবাদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিল খুমি সম্প্রদায়ের পালাগান, ম্রো সম্প্রদায়ের বাঁশিবাদন মুগ্ধ করে দর্শককে।