'শহর ছাপিয়ে গ্রামেও পরিবর্তনের ছোঁয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় সেনাবাহিনীর স্টলে আলোকচিত্রের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয় l প্রথম আলো
কক্সবাজারে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় সেনাবাহিনীর স্টলে আলোকচিত্রের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয় l প্রথম আলো

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সারা দেশের মতো ৯ থেকে ১১ জানুয়ারি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন উপজেলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বক্তারা বলেন, বিগত কয়েক বছরে যোগাযোগ অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, কৃষি, শিক্ষাসহ নানা খাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শহর, মফস্বলের পাশাপাশি বদলে গেছে গ্রামীণ জনপদের চেহারাও। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
পটিয়া: ৯ জানুয়ারি পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলা উদ্বোধন করেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। পটিয়ার উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, গত আট বছরে তাঁর সংসদীয় এলাকায় ৮০০ কোটি ৬৩ লাখ টাকার উন্নয়নকাজ হয়েছে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ, আফরোজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আ ন ম বদরুদ্দোজা, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম প্রমুখ।
মেলার উদ্বোধনের আগে পটিয়া সদরে শোভাযাত্রা বের হয়। মেলায় সরকারি-বেসরকারি সংস্থার ৩০টি স্টলে উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।
মহেশখালী: মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেকুল্লাহ রফিক। মেলায় স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ডিজিটাল ব্যানারের মাধ্যমে গ্রামীণ জনপদের উন্নয়নের চিত্র তুলে ধরে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, গত তিন বছরে মহেশখালীর ৩১২টি গ্রামীণ রাস্তার মধ্যে সংস্কার হয়েছে ১৬৫টির। আর বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে নির্মাণ করা হয় নতুন করে আরও ৩৭টি রাস্তা। ৩০৪টি মসজিদ, ৪৪টি মন্দির, ১০৫টি মাদ্রাসা, ২৮টি কমিউনিটি ক্লিনিক ও ৩৭টি বিদ্যালয়ে সৌরপ্যানেল স্থাপন করা হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ–সংযোগের জন্য সাতটি প্রতিষ্ঠান ও তিনটি হাসপাতালে স্থাপন করা হয়েছে সোলার ল্যাব। আর জনগণের সুবিধার্থে গোরকঘাটা জেটি, আদিনাথ জেটি, উপজেলা পরিষদ চত্বর, মাতারবাড়ী, কালারমারছড়া ও বড় মহেশখালীর নতুন বাজারে স্থাপন করা হয় ৮৫টি সৌরবাতি।
লোহাগাড়া: লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম দিন মেলার উদ্বোধন করেন সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজমুদ্দিন নদভী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আবছার, জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল, স্বাস্থ্য কর্মকর্তা মো. হানিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন প্রমুখ। মেলায় ২৮টি স্টল অংশ নেয়।
কক্সবাজারে সেনাবাহিনীর স্টল: কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আকর্ষণ ছিল বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টিনন্দন স্টল ‘সবার ওপর দেশ’।
দর্শনার্থীদের মন জয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টিনন্দন স্টলটি। গেট দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়ে সবুজ পাতায় মোড়ানো একটি ছোট্ট ঘর। ওপরে উড়ছে লাল–সবুজের জাতীয় পতাকা। তার নিচে লেখা ‘অগ্রযাত্রায় সেনাবাহিনী’।
গুহার আদলে তৈরি সেনাবাহিনীর স্টলটি সাজানো হয়েছিল বিভিন্ন আলোকচিত্র ও ভিডিও চিত্র দিয়ে। মূলত দেশের নানা খাতের সঙ্গে সেনাবাহিনীও যে সমানতালে এগিয়ে যাচ্ছে আলোকচিত্র ও ভিডিওতে, সেটাই উপস্থাপন করা হয়েছে। উপস্থাপন করা আলোকচিত্রগুলোতে দেখা যায়, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সেনাবাহিনী ২২ হাজার দুস্থ পরিবারকে পুনর্বাসন করেছে। এ জন্য হাজার বাড়িও (ব্যারাক হাউস) নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেনাবাহিনীর ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের চিত্রও তুলে ধরা হয়। আরেকটি কক্ষে সমরাস্ত্রের আধুনিকায়নের বর্ণনা দেওয়া হয়।
সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের সময়ে সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতেই এমন আয়োজন।