‘আমি ও আমার দু বোন মিলে দামপাড়া পুলিশ লাইন থেকে কলেজিয়েট স্কুল পর্যন্ত হেঁটে যাওয়া আসা করতাম। দুপুর ১২টায় স্কুল। রওনা দিতাম সকাল ১০টার দিকে। তখন আমরা খুব বড়লোক ছিলাম না। রিকশায় করে যাওয়ার পয়সা ছিল না। অবশ্য এ নিয়ে আমাদের মাথাব্যথাও ছিল না। স্টেডিয়ামের পর থেকে রেলওয়ে হাসপাতালটা পার হয়ে রেললাইন ধরে পার হতাম। রাস্তা দিয়ে হাঁটতে মজা লাগত।’ স্মৃতিচারণা করে কথাগুলো বলছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবার প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। জাফর ইকবালের বাবা চাকরি করতেন পুলিশ বিভাগে। আর বাবার বদলির সূত্র ধরে তাঁকে বিক্ষিপ্তভাবে থাকতে হয়েছে বিভিন্ন জায়গায়। ছিলেন চট্টগ্রামেও। তাঁর কৈশোরের দিনগুলো কেটেছে চট্টগ্রামে। তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এখানে থেকেই পড়াশোনা করেছেন তিনি। ষষ্ঠ শ্রেণীতে কলেজিয়েট স্কুলে পড়ার সময়টা কোন সাল জানতে চাইলে তাঁর উত্তর ছিল এ রকম ‘আমার ক্লাস এইট হচ্ছে ১৯৬৫। কাজেই সে হিসাবে বের করা যাবে সময়টা।’ অন্য ভাই-বোনদের সম্পর্কে জাফর ইকবাল বলেন, ‘বড় ভাই হুমায়ূন আহমেদ পড়তেন কলেজিয়েট স্কুলে। ছোট ভাই আহসান হাবীব তখন ছোট। সে খুব সম্ভবত পুলিশ লাইন স্কুলে পড়েছে। আমার ছোট বোন পড়ত খাস্তগীর স্কুলে।’ গত শনিবার সকালে চট্টগ্রামে আসেন জাফর ইকবাল। সঙ্গে ছিলেন স্ত্রী ইয়াসমীন হক। উপলক্ষ নগরে আয়োজিত বাংলা উইকিপিডিয়া সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেওয়া। বিমানবন্দর থেকে এসে ওঠেন জামাল খান সিনিয়রস ক্লাবে। স্যার তখনো নাশতা সারেননি। নাশতা আসার ফাঁকে কথা সেরে নেওয়া যায় কিনা জানতে চাইলেই সম্মতি জানালেন তিনি। ‘আপনার চট্টগ্রামের স্মৃতি নিয়ে কথা বলব শুধু।’ আমার কথা শেষ হতে না হতেই বললেন, ‘আজকে আমি স্টেডিয়ামের পাশ দিয়ে আসার সময়ে দেখছিলাম, দামপাড়াটা কোন দিকে, সার্কিট হাউসটা কোথায়। কারণ তখন তো চারদিক খোলা ছিল। এতকিছু ছিল না। চট্টগ্রাম একটা সুন্দর শহর ছিল। আজকের বাচ্চারা তো চিন্তাও করতে পারবে না এভাবে ঘুরে বেড়াবে রাস্তায়। আমি যখন থ্রি-ফোর-ফাইভে পড়ি তখন আমরা সবাই মিলে এখানকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম নিরিবিলি পরিবেশে। পতেঙ্গা সৈকত ছিল খুব সুন্দর। শহরটা এখন অনেক বড় হয়েছে। মানুষজন বেড়েছে। নিরিবিলি সেই পরিবেশও নেই।’আপনার চেনা শহর এখন কতটা বদলেছে? ‘চট্টগ্রাম শহরটা এখনো পরিষ্কার-পরিচ্ছন্ন আছে। তা ছাড়া, শহর তো বদলাবেই। একে মেনে নিতে হবে। আমার স্মৃতির শহরটাকে তো একই আদলে ধরে রাখা যাবে না।’চট্টগ্রামকে ঘিরে আপনার কোনো বিশেষ স্মৃতি?‘পিটি স্কুলের কিছু স্মৃতি আছে। তখন ছোট ছিলাম। অল্পতেই আনন্দ হতো। সবাই মিলে খেলাধুলা করতাম। এ মুহূর্তে মনে পড়ছে না সেসব কথা। তবে স্মৃতি যা আছে সেগুলো তো লিখে ফেলেছি। আমার একটা বই আছে। বইটার নাম আধডজন স্কুল। এতে আমার প্রাইমারি এবং কলিজিয়েট স্কুলের নানা স্মৃতিকথা লেখা আছে।’