‘শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতির (জেএসএস) চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নেই। থাকলে দুই বছরে অনেক ধারা বাস্তবায়ন করতে পারত।’গত ২৯ জানুয়ারি লামার চাম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা জেএসএসের সভাপতি অংগ্য মার্মার সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরণের নামে সেনাশাসন চলছে। এখানে শাসনব্যবস্থা এখনো সুনির্দিষ্ট হয়নি। খাগড়াছড়ি ও রাঙামাটির হাজার হাজার পাহাড়ি-বাঙালি ইউপিডিএফের সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে আছেন। অথচ সরকার এ সংগঠনকে নিষিদ্ধ করছে না।’ এতে বক্তব্য দেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং, সাধুরাম ত্রিপুরা, ওয়াইংচিপ্রু মার্মা প্রমুখ। একই দিন লামা উপজেলা পরিষদ সভাকক্ষে হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার হাসনাত তারিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, মেয়র আমির হোসেন, চেয়ারম্যান ছাহ্লাখইন মার্মা ও বাথোয়াইচিং মার্মা প্রমুখ।