'শিকারিরা আমাদের গ্রামে আসার সাহস করে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম, ছবি: সরোয়ার মোর্শেদ
রফিকুল ইসলাম, ছবি: সরোয়ার মোর্শেদ

পাবনার একটি গ্রামের নাম কাজী শরিফপুর। এই গ্রামে বক আর পানকৌড়িরা পরম নিশ্চিন্তে বাসা বাঁধতে পারে। মূলত যে মানুষটির চেষ্টায় এই গ্রামটিতে পাখিদের অভয়ারণ্য তৈরি হয়েছে তিনি রফিকুল ইসলাম।
পাখির জন্য ভালোবাসা তৈরি হলো কীভাবে?
সে অনেক বছর আগে, শখ করে একবার একদল শিকারির সঙ্গে বনবাদাড়ে ঘুরতে গিয়েছিলাম। তারা পাখিদের গুলি করে মারছিল, কিছু পাখি আহতও হলো। আমার মন খুব কেঁদেছিল সেদিন। খুব মন খারাপ করে বাড়ি ফিরেছিলাম। সেদিনই ভেবেছিলাম এভাবে আর পাখি মারা নয়। তখন থেকেই পাখিগুলোর প্রতি একটা টান অনুভব করতে থাকি।
অভয়ারণ্য তৈরি করলেন কীভাবে?
বছর ঘুরতে না-ঘুরতেই এক আষাঢ়ে একঝাঁক সাদা বক উড়ে এল বাড়িতে। তারা বাসা বাঁধে, বাচ্চা ফোটায়। আমরা খাদ্য দিয়ে, নিরাপদ আশ্রয় দিয়ে সাহায্য করতে থাকি। বাচ্চা বড় হলে তারা একসময় ফিরে যায়। পরের বছর তারা আবার ফিরে আসে। এবারে সংখ্যাটা আরও বিশাল। এখন প্রতিবছরই আসে। আস্তে-ধীরে এলাকার মানুষকে সচেতন করতে থাকি। তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

কোনো বাধার মুখে পড়েছিলেন কখনো?
বাধা তো আছেই। হঠাৎ একদিন খবর আসে গ্রামে শিকারি এসেছে। পাখিগুলোর সুরক্ষায় আমরা সবাইকে নিয়ে প্রতিরোধ তৈরি করি। আমাদের চাপের মুখে তারা ফিরে যায়। এখন শিকারিরা আমাদের গ্রামে আসার সাহস করে না। কিন্তু রাতের আঁধারে অনেক সময় দুর্ঘটনা ঘটেই যায়। কিছু পাখির ছানা চুরি হয়ে যায়। এখন আমরা পালা করে পাখিগুলোকে পাহারা দিই। এতে আমাদের সত্যি কোনো কষ্ট হয় না। বরং আনন্দই হয়।

সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার