‘শিক্ষক-শিক্ষক’ খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল্লাছুট, বউচি, দাঁড়িয়াবান্ধা—কত্ত রকমের খেলাই না খেলে মানুষ ছোটবেলায়। কিন্তু ‘শিক্ষক শিক্ষক’ খেলা? হ্যাঁ, এমন এক অভিনব খেলাই নাকি সবচেয়ে পছন্দের ছিল শিমুল চক্রবর্তীর। ‘প্রিয়াংকা দি, পূরবী দি আর আমি পিঠাপিঠি তিন বোন। বাড়িতে আমরা বেশির ভাগ সময় ছাত্র-শিক্ষক খেলা খেলতাম। কখনো আমি শিক্ষক, তারা ছাত্র। কখনো তাদের কেউ শিক্ষক হলে বাকি দুজন হতাম ছাত্র।’ প্রিয়াংকাদের এই অভিনব খেলার মধ্যেই হয়তো নিহিত ছিল স্বপ্নের বীজ। তাই ছোটবেলার সেই খেলা আর শেষতক স্বপ্ন হয়ে থাকেনি। পরিণত বয়সে শিক্ষকই হয়েছেন তিনি। এখন পড়াচ্ছেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে। শিমুলের অন্য দুই বোনও শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছেন।শিমুলের রয়েছে এক গৌরবময় শিক্ষাজীবন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর—দুই শ্রেণীতেই পেয়েছেন জিপিএ ৩.৯৫, যা তাঁর বিভাগে তো বটেই, পুরো অনুষদেই সর্বোচ্চ ফলাফল! এই সাফল্যের পথ বেয়ে তাঁর জীবনে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী পদক।শিমুলের জন্ম চট্টগ্রামের পাথরঘাটায়। মা-বাবা আর তিন বোনের সংসারে শিমুলই ছোট। বাবা রঞ্জিত কুমার চক্রবর্তী একজন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। মা প্রীতি রানী রায় পিটিআইয়ের প্রশিক্ষক। শিক্ষাব্রতী এই দম্পতি সংগত কারণেই তিন মেয়েকে ‘মানুষ’ করেছেন সাংস্কৃতিক বলয়ের মধ্যে। সেই বেড়ে ওঠার স্মৃতি উঠে এল শিমুলের মুখে, ‘ছোটবেলায় নাচ ও গানের চর্চা করতাম। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সব রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতাম। ভাবছেন, পড়ালেখায় ঠনঠনাঠন ছিলাম? মোটেও না। একবার হলো কি, শুনুন...।’ কথার খই ফুটছে শিমুলের মুখে।‘ভার্সিটিতে ক্লাস শুরু করেছি মাত্র। এর মধ্যে এল প্রথম ক্লাস টেস্টের ঘোষণা। বাড়ি থেকে অনেক পড়ালেখা করে নির্ধারিত দিনে পরীক্ষা দিতে গেলাম। ওমা! পরীক্ষার হলে গিয়ে দেখি একটা প্রশ্নও কমন নেই! কী লিখব, বুঝে উঠতে না পেরে ক্লাসের মধ্যেই কান্না শুরু করে দিলাম। স্যার আমার অবস্থা দেখে বললেন, “যা পারো লেখো। পরীক্ষা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই।” সেই থেকে ক্লাসের সবাই আমাকে চিনে ফেলল “সিরিয়াস স্টুডেন্ট” হিসেবে।’একটানা কথা বলে একটু থামলেন শিমুল। এই ফাঁকে আমরা জানতে চাই ভালো ফলাফল করার গূঢ় রহস্য সম্পর্কে। হেসে ফেললেন তিনি। ‘ওসব রহস্যটহস্য বলে কিছু নেই। নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস লেকচার ফলো করতে হবে। আর কোর্স-সম্পর্কিত একাধিক বই পড়তে হবে। পরীক্ষার খাতায় লিখতে হবে নিজের মতো করে, যেন অন্যদের থেকে নিজের উপস্থাপনা হয় ভিন্ন। ব্যস, এটুকুই যথেষ্ট ভালো ফলাফলের জন্য।’জীবনের জন্য ভালো ফলাফলই যথেষ্ট নয় বলে মনে করেন এই মেধাবী শিক্ষার্থী। তাই জীবনকে নিয়ে যেতে চান আরও বহুদূর। ভবিষ্যতের জীবনটাকে বর্ণনা করলেন এভাবে, ‘খুব দ্রুতই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাই।’