পানিতে পড়ে যাওয়ার ভয়ে বর্ষায় শিশুদের স্কুলে দিতে চাননি পাবনার ভাঙ্গুরা উপজেলার অনেক মা-বাবা। কিন্তু তাদের স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলেন একজন শিক্ষক—মো. সাইফুজ্জামান। নৌকায় করে স্কুলে আনা-নেওয়া শুরু করলেন তিনি

কোথায় পড়ান আপনি?
আমি পলাশপুর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক। এটা পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পলাশপুর গ্রামে।
আপনার নিজের বাড়ি ওখানেই?
হ্যাঁ, একই ইউনিয়নের রমানাথপুর গ্রামে। গ্রাম দুটি পাশাপাশি।
আপনার উদ্যোগটার কথা বলুন...
মাদ্রাসার পাশেই একটা শিখন স্কুল আছে। সেখানে বাচ্চারা পড়ে। শিখন স্কুল থেকে পাস করলে ওদের ক্লাস টুতে ভর্তি করা হয়। ওখানকার বাচ্চারা বর্ষাকালে স্কুলে আসতে চাইত না। এমনকি আমার মাদ্রাসারও অনেক শিক্ষার্থী আসত না। খোঁজ নিয়ে জানলাম, পানিতে পড়ে যাওয়ার ভয়ে বাবা-মা ওদের আসতে দিতে চান না। তাই দুই বছর আগে একটা নৌকা কিনলাম। সেই নৌকায় করে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসি। আবার বাড়ি পৌঁছে দিয়ে যাই।
বিনিময়ে কিছু পান?
(হেসে) না। টাকাপয়সার জন্য না। কাজটা মন থেকেই করি।
এখন স্কুল-মাদ্রাসাগুলোর কী অবস্থা?
বাচ্চাদের উপস্থিতি বেড়েছে। ওরা পড়াশোনায় ভালো করছে। স্কুলে ৩০-৩৫ জন বাচ্চা পড়ে। আগে বর্ষাকালে হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই স্কুলে আসত না। এখন ওদের উপস্থিতি প্রায় শতভাগ। মাদ্রাসায়ও শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেড়েছে।
নৌকা নিয়ে বাড়ি বাড়ি যেতে হয়?
শুরুতে তা-ই করতে হতো। এতে সময় অনেক বেশি লাগত। পরে শিশুদের দলে দলে ভাগ করে দিলাম। নির্দিষ্ট সময়ে কোনো এক বাড়িতে কয়েকজন দলবেঁধে অপেক্ষা করে।
আপনার নিজের কথা বলুন...
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৭৯-৮০ সালে স্নাতক পাস করেছি। তার বছর তিন আগেই বিয়ে করেছিলাম। ছেলেমেয়েরা এখন বড় হয়েছে। ওদের বিয়ে দিয়েছি।
এই বয়সেও এত পরিশ্রম করছেন কেন?
শিক্ষক হয়েও মাঝির কাজ করছি। আমি চাই, শিক্ষাপ্রতিষ্ঠান দুটির গতি হোক।
সাক্ষাৎকার: আবুল হাসনাত