'শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও জঙ্গিবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ এথিন রাখাইন বলেন, উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও জঙ্গিবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানেরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, সেই খবর বাবা-মাকে রাখতে হবে।
কক্সবাজার সিটি কলেজে সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদবিরোধী অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৬ জুলাই সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ক্যথিং অং। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আমজাদ হোসেন, বর্তমান সদস্য ফরিদুল আলম, বদিউল আলম, আয়েশা সিরাজ, দুলাল দাশ, কলেজশিক্ষক জয়নাল আবেদীন, অভিভাবক আমিনুল হক, নুরুল মোর্শেদ প্রমুখ।
কলেজ অধ্যক্ষ ক্যা থিং অং বলেন, এই কলেজে প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। সন্ত্রাসমুক্ত এই শিক্ষাঙ্গনে জঙ্গিবাদের স্থান নেই। এ ব্যাপারে শিক্ষার্থীরা সচেতন।
অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে (বার্ষিক পরীক্ষায়) ভালো ফলাফলের জন্য সেরা শিক্ষার্থী ফরহাদ কাশেমকে ১০ হাজার, শওকত ওসমানকে ৭ হাজার ৫০০ ও কামরুল ইসলামকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।