‘শিক্ষানীতি হবে প্রকৃত মানুষ গড়ার নীতিমালা’
‘প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি-২০০৯: সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক সভায় বক্তারা বলেছেন, কেবল উপার্জনক্ষম ব্যক্তি তৈরি নয়, একজন পরিপূর্ণ মানুষ তৈরি করাই হওয়া উচিত শিক্ষানীতির লক্ষ্য। এজন্য কারিগরি শিক্ষা, পেশাদারিত্ব, বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলো শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত থাকতে হবে। সমপ্রতি চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডায়ালগ ফাউন্ডেশন (এনডিএফ) এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন। আলোচক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, অধ্যাপক নুরুল আনোয়ার, মোহাম্মদ জসিম উদ্দিন, হাফেজ মো. আনিসুজ্জামান, মোহাম্মদ ইউসুফ প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন আবুল বাশার। সভাপতিত্ব করেন কাজী ছানোয়ার আহমেদ। উপাচার্য আবু ইউসুফ বলেন, শিক্ষানীতিতে নৈতিকতার কথা থাকলেই হবে না। আগে শিক্ষকদের নৈতিক হতে হবে। শিক্ষকেরা গাইড বই মুখস্থ করে পরীক্ষার খাতা দেখেন। এটা নৈতিকতা নয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে দেখেছি, বাঁশের আগায় জানালা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারেননি।