বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে ৯ জানুয়ারি বিভিন্ন স্থানে পালিত হয়েছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা সবার অধিকার। সব শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে হবে। ছড়িয়ে দিতে হবে সবখানে শিক্ষার আলো।রামু: রামু উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকের উল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী খুরশীদ আলী চৌধুরী, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আজগর হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ তৈয়ব, হোসনে আরা বেগম, শিল্পী বড়ুয়া, সুমন বড়ুয়া, বেসরকারি সংস্থা ঢাকভাঙ্গার কো-অর্ডিনেটর জনার্ধন কর্মকার প্রমুখ। বাঁশখালী: বাঁশখালীতে শিক্ষা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাব্বির ইকবাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জনস্বাস্থ্য উপপ্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ানজী, আক্তার হোসাইন, হেলাল উদ্দীন, সাহেদা বেগম, কল্যাণ বড়ুয়া, যতীন্দ্র লাল বড়ুয়া, শংকর প্রসাদ দাশ, নুর মোহাম্মদ ইউনুছ প্রমুখ।